বাংলা টাইপ করুন সফটওয়্যার ছাড়াই!

বিষয় - বাংলা কম্পিউটিং (ফন্ট, লেআউট, কীবোর্ড, ক্যারেক্টার ম্যাপ, ইনসার্ট সিম্বল)

প্রকাশের তারিখ - 27 ফেব্রুয়ারি 2008

   

কম্পিউটারে বাংলা টাইপ করার জন্য মূলত দুটি জিনিসের প্রয়োজন হয় – একটি হল বাংলা ফন্ট এবং অন্যটি হল বাংলা সফটওয়্যার৷ ফন্ট নিয়ে চিন্তিত হওয়ার তেমন কোন কারণ নেই, যেহেতু বৃন্দা নামক ইউনিকোড ভিত্তিক একটি বাংলা ফন্ট উইন্ডোজ এক্সপির সাথে ডিফল্ট ভাবেই দেওয়া থাকে৷ আর কেউ যদি অন্য কোন ফন্ট ব্যবহার করতে চায়, তাহলেও সমস্যা নেই৷ ফন্টগুলোর সাইজ খুবই ছোট হয়, ফলে সেগুলো সাধারণ ফ্লপি ডিস্কেটে করেই বহন করা যায় অথবা জরুরী প্রয়োজনে চট করে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেওয়া যায়৷

কিন্তু সমস্যা হয় সফটওয়্যারের ক্ষেত্রে৷ কারণ উইন্ডোজের সাথে ডিফল্টভাবে কোন বাংলা সফটওয়্যার দেওয়া থাকে না৷ এছাড়া অধিকাংশ সফটওয়্যারের সাইজই 5 থেকে 10 মেগাবাইটের মতো হয়ে থাকে৷ যেমন অভ্র কী-বোর্ডের সর্বশেষ সংস্করণ 4.1 এর সাইজ 7.55 মেগাবাইট৷ এই সাইজ ডায়াল আপ কানেকশন বিশিষ্ট ইন্টারনেট ব্যবহারকারীদের পক্ষে যথেষ্ট বড় মনে হতে পারে৷ তাছাড়া এমনও হতে পারে, যখন হয়তো কম্পিউটারে কোন বাংলা সফটওয়্যার ইনস্টল করা নেই এবং কম্পিউটারের সাথে ইন্টারনেট কানেকশনও নেই, অথচ বাংলা টাইপ করা খুবই জরুরী৷ তখন উপায়?

মনে করুন আপনার কাছে শুধু উইন্ডোজের ডিফল্ট বৃন্দা ফন্টটা আছে। কিন্তু এটা ব্যবহার করে বাংলা লেখার জন্য যে সফটওয়্যার প্রয়োজন, যেমন অভ্র কী-বোর্ড বা একুশের স্বাধীনতা, তা নেই৷ এখন আপনি যদি শুধু ফন্টটা ব্যবহার করেই বাংলা লিখতে চান, তাহলে প্রথমে আপনাকে ওয়ার্ডের মেনুবার থেকে Insert > Symbol এ ক্লিক করতে হবে৷ এরফলে যে উইন্ডোটি আসবে, সেখানকার Font ড্রপ ডাউন লিস্টবক্স থেকে Vrinda সিলেক্ট করতে হবে৷ এরফলে আপনি বৃন্দা ফন্টটির ক্যারেক্টার ম্যাপ দেখতে পাবেন৷ এবার আপনি যে বর্ণটি টাইপ করতে চান, সেই বর্ণটি সিলেক্ট করে Insert বাটনের উপর ক্লিক করুন অথবা বর্ণটির উপর ডাবল ক্লিক করুন৷ এরফলে দেখবেন যে আপনার ক্লিক করা বর্ণটি ওয়ার্ডের টেক্সট এরিয়াতে টাইপ করা হয়ে গেছে৷ এই পদ্ধতি অনুসরণ করে আপনি বর্ণের পর বর্ণ, শব্দের পর শব্দ, এমনকি বাক্যের পর বাক্য টাইপ করে যেতে পারবেন কোন সফটওয়্যার ছাড়াই৷

এটা তো গেল মাইক্রোসফট ওয়ার্ডের কথা৷ আপনি যদি ওয়ার্ডপ্যাড বা নোটপ্যাড ব্যবহার করে সফটওয়্যার ছাড়া বাংলা লিখতে চান, তাহলে সেসব প্রোগ্রামে যেহেতু ইনসার্ট সিম্বলের ব্যবস্থা নেই, তাই সেক্ষেত্রে আপনাকে উইন্ডোজের ক্যারেক্টার ম্যাপ টুলটি ব্যবহার করতে হবে৷ এরজন্য প্রথমে Start > All Programs > Accessories > System Tools > Character Map চালু করে Font ড্রপ ডাউন লিস্টবক্স থেকে Vrinda সিলেক্ট করুন৷ এবার আপনি যেসব বর্ণ টাইপ করতে চান, সেসব বর্ণ সিলেক্ট করে Select বাটনের উপর ক্লিক করুন অথবা সেসব বর্ণের উপর ডাবল ক্লিক করুন৷ এরফলে বর্ণগুলো Characters to copy টেক্সট বক্সে জমা হবে৷ এবার Copy বাটনে ক্লিক করলেই সেগুলো কপি হয়ে যাবে৷ এরপর ওয়ার্ডপ্যাড বা নোটপ্যাড যেখানে প্রয়োজন, সেখানে গিয়ে পেস্ট করে দিতে হবে৷ পদ্ধতিটা নিঃসন্দেহে চূড়ান্ত রকমের বিরক্তিকর৷ কিন্তু সফটওয়্যার না থাকলে এ ছাড়া আর উপায় কী!

এই দুটো পদ্ধতিরই একটা অসুবিধাজনক দিক হল, এতে বর্ণগুলো প্রচলিত কোন কী-বোর্ড লে-আউট, যেমন বিজয়, ইউনিজয় বা ফোনেটিক অনুযায়ী সজ্জিত না থেকে বর্ণেগুলোর নিজস্ব কোড (ইউনিকোড) অনুযায়ী সজ্জিত থাকে৷ তাই প্রথম প্রথম প্রয়োজনীয় বর্ণ খুঁজে পেতে একটু অসুবিধা হতে পারে৷ তবে কয়েক দিন ব্যবহার করলেই অভ্যাস হয়ে যাবে৷ আর তাছাড়া বিকল্প পদ্ধিতে একটু সমস্যা তো সহ্য করতেই হবে!


শীঘ্রই এই প্রবন্ধটি বিস্তারিত বিবরণ এবং স্ক্রীণশট সহ ডাউনলোড উপযোগী পিডিএফ ফরম্যাটে পাওয়া যাবে


   

মন্তব্যসমূহ (04)

এই প্রবন্ধটি সম্পর্কে আপনার যেকোন মতামত অথবা প্রশ্ন থাকলে নির্দ্বিধায় তা ইমেইল করে জানান৷ যথাশীঘ্র সম্ভব আপনার ইমেইলের উত্তর দেওয়া হবে এবং তা এখানে সংযোজন করা হবে৷

   

ওয়েব ব্রাউজারে বাংলা লেখা

মন্তব্য করেছেন - ড. মশিউর রহমান ; মন্তব্য করা হয়েছে - বিজ্ঞানী ডট অরগে

এছাড়া অনলাইনে কিংবা অফলাইনে ওয়েব ব্রাউজার (ইন্টারনেট এক্সপ্লোরার কিংবা ফায়ারফক্স জাতীয়) দিয়ে সরাসরি বাংলায় লিখতে পারবেন কোন সফটওয়্যার ছাড়াই - http://bnwebtools.sourceforge.net/

বিস্তারিত পড়ুন :
http://biggani.com/content/view/36/64/

 

   

দারুণ!

মন্তব্য করেছেন - Masud Parves ; মন্তব্য করা হয়েছে - বিজ্ঞানী ডট অরগে

দারুণ! আমি Character Map ব্যবহার করে লিখছি৷

 

   

Bangla Typing Without Font

মন্তব্য করেছেন - Kapil Biswas ; মন্তব্য করা হয়েছে - বিজ্ঞানী ডট অরগে

How can I type Bangla, if the system neither has SutonnyMJ or any other Bangla font nor any Bangla software like Bornosoft or Page Maker?

 

   

প্রতিঃ Bangla Typing Without Font

উত্তর দিয়েছেন - মোজাম্মেল হোসেন ত্বোহা

ফন্ট ছাড়া সম্ভবত লেখার কোন উপায় নেই৷ আর যদি কোন উপায় থেকেও থাকে, তাতেই বা কি লাভ? কারণ ফন্ট না থাকলে আপনি তো নিজের লেখা নিজেই দেখতে পারবেন না৷

অবশ্য সরাসরি কোড টাইপ করে ফন্ট ছাড়াও ইউনিকোড ভিত্তিক বাংলা লেখা যেতে পারে, যা পরবর্তীতে ফন্ট ইনস্টল করে অথবা অন্য কোন কম্পিউটারে নিয়ে পড়া যাবে৷ তবে এরজন্য আপনাকে সবগুলো ক্যারেকটার কোড (যেমন "ক" এর জন্য 2453, "খ" এর জন্য 2454) মুখস্ত রাখতে হবে৷