ওয়ার্ডে বিজয় দিয়ে টাইপ করুন অর্ধায়াসে

বিষয় - বাংলা কম্পিউটিং (বিজয়, মোস্তফা জব্বার, আনন্দ মাল্টিমিডিয়া, ফন্ট, লেআউট, কীবোর্ড)

প্রকাশের তারিখ - 21 ফেব্রুয়ারি 2008

   

কম্পিউটারে অ্যাসকি ভিত্তিক (নন-ইউনিকোড) বাংলা লেখালেখির জন্য বিজয় চমৎকার একটি সফটওয়্যার৷ এর রয়েছে বেশ কয়েকটি অলঙ্কারধর্মী ফন্ট এবং অত্যন্ত সহজ একটি কী-বোর্ড, যা বাংলা লেখালেখিকে করে তুলেছে অত্যন্ত সহজ এবং সুন্দর৷ কিন্তু বিড়ম্বনা শুরু হয় তখনই, যখন বিজয়ের মাধ্যমে একই ডকুমেন্টে বাংলা এবং ইংরেজি দুটোই টাইপ করতে হয়৷ বিজয়ের মাধ্যমে একই ডকুমেন্টে বাংলা এবং ইংরেজি টাইপ করার সময় প্রতিবার বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা টাইপিং মেথড পরিবর্তন করার জন্য প্রথমে কী-বোর্ড থেকে Ctrl+Alt+B প্রেস করে কী-বোর্ড মোড এবং এরপর মাউস ব্যাবহার করে ফন্ট পরিবর্তন করতে হয়, যা অত্যন্ত বিরক্তিকর এবং সময়সাপেক্ষ৷ আপনি ইচ্ছে করলে এম এস ওয়ার্ডের মেনুবার বা টুলবার কাস্টোমাইজ করে বারবার ফন্ট পরিবর্তনের এই ঝামেলা অনেকটাই হ্রাস করতে পারেন৷

মনে করুন, আপনি ইংরেজির জন্য Times New Roman এবং বাংলার জন্য Sutonny MJ (সুতন্বী এমজে) ফন্ট দুটি ব্যবহার করতে চান৷ এখন আপনি যদি এই দুটি ফন্টকে মেনুবারে বা টুলবারে শর্টকাট হিসেবে রেখে দেন, যেন প্রয়োজন হওয়া মাত্রই সেখান থেকে সরাসরি ক্লিক করতে পারেন, তাহলে আপনাকে আর প্রতিবার ফন্ট লিস্ট থেকে খুঁজে খুঁজে ফন্ট সিলেক্ট করতে হবে না৷ তার চেয়েও ভালো হয় আপনি যদি ফন্ট দুটোর জন্য পৃথক দুটি শর্টকাট কী অ্যাসাইন করে দেন৷ তাহলে আপনাকে আর মাউসে হাতই দিতে হবে না৷ কী-বোর্ড থেকেই সরাসরি শর্টকাট কী প্রেস করে একই সাথে কী-বোর্ড মোড এবং ফন্ট দুটোই পরিবর্তন করতে পারবেন৷

আপনি যদি ফন্ট দুটোকে মেনুবারে বা টুলবারে রাখতে চান, তবে আপনাকে Toos > Customize থেকে Commands ট্যাবে যেতে হবে৷ এখানে Catagories লিস্টবক্স থেকে Fonts আইটেমের উপর ক্লিক করলে ডান পাশে Commands লিস্টবক্সের নিচে কম্পিউটারে ইনস্টল করা সবগুলো ফন্টের তালিকা দেখা যাবে৷ সেখান থেকে Times New Roman এবং সুতন্বী এমজে ফন্ট দুটিকে একটি একটি করে ড্র্যাগ করে মেনুবার বা টুলবারে নিয়ে বসিয়ে দিতে হবে৷

আর আপনি যদি ফন্টদুটোর শর্টকাট কী তৈরি করতে চান, তাহলে আপনাকে Toos মেনুর Customize সাবমেনুর Commands ট্যাব থেকে Keyboard বাটনের উপর ক্লিক করতে হবে৷ এখানে Catagories লিস্টবক্স থেকে Fonts আইটেমের উপর ক্লিক করলে ডান পাশে Commands লিস্টবক্সের নিচে পূর্বের মতো কম্পিউটারে ইনস্টল করা সবগুলো ফন্টের তালিকা দেখা যাবে৷ সেখান থেকে সুতন্বী এমজে এর উপর ক্লিক করে Press new shortcut key টেক্সট বক্সে Ctrl+Alt+B,A প্রেস করে Assign বাটনে ক্লিক করতে হবে৷

একই ভাবে Times New Roman এর উপর ক্লিক করে Press new shortcut key টেক্সট বক্সে Ctrl+Alt+B,B প্রেস করে Assign বাটনে ক্লিক করতে হবে৷ এবার আপনি ইংরেজি থেকে বাংলা টাইপিং মেথড পরিবর্তন করতে চাইলে জাস্ট কী-বোর্ড থেকে Ctrl+Alt+B,A প্রেস করলেই কী-বোর্ড মোড এবং ফন্ট দুটোই একই সাথে পরিবর্তিত হয়ে যাবে৷ আবার বাংলা থেকে ইংরেজি টাইপিং মেথড পরিবর্তন করতে চাইলেও একইভাবে কী-বোর্ড থেকে Ctrl+Alt+B,B প্রেস করে কী-বোর্ড মোড এবং ফন্ট দুটোই একই সাথে পরিবর্তন করা যাবে৷

আপনি ইচ্ছে করলে Ctrl+Alt+B,A বা Ctrl+Alt+B,B এর পরিবর্তে অন্য কোন শর্টকাট কী কম্বিনেশনও ব্যবহার করতে পারেন৷ তবে যে শর্টকাটই ব্যবহার করবেন, সেটার প্রথমে অবশ্যই Ctrl+Alt+B রাখবেন, এরপর অন্য কোন অক্ষর ব্যবহার করবেন৷ কারণ Ctrl+Alt+B হচ্ছে বিজয়ের ডিফল্ট কী-বোর্ড মোড পরিবর্তন করার শর্টকাট৷

মেনুবার বা টুলবার কাস্টোমাইজ করার সময় বা শর্টকাট কী অ্যাসাইন করার সময় একটা বিষয়ে লক্ষ রাখবেন, কাস্টোমাইজ ডায়ালগ বক্সে Save in বক্সে যেন Normal সিলেক্ট করা থাকে৷ তা না হলে প্রতিটা ডকুমেন্টে কাজ করার আগে আপনাকে পৃথক পৃথক ভাবে কাস্টোমাইজ করতে হবে৷


শীঘ্রই এই প্রবন্ধটি বিস্তারিত বিবরণ এবং স্ক্রীণশট সহ ডাউনলোড উপযোগী পিডিএফ ফরম্যাটে পাওয়া যাবে


   

মন্তব্যসমূহ (04)

এই প্রবন্ধটি সম্পর্কে আপনার যেকোন মতামত অথবা প্রশ্ন থাকলে নির্দ্বিধায় তা ইমেইল করে জানান৷ যথাশীঘ্র সম্ভব আপনার ইমেইলের উত্তর দেওয়া হবে এবং তা এখানে সংযোজন করা হবে৷

   

বিজয়ের থেকে অভ্র অনেক সোজা

মন্তব্য করেছেন - মুক্তা ; মন্তব্য করা হয়েছে - বিজ্ঞানী ডট অরগে

আপনি মনে হয় অভ্র ব্যবহার করেননি৷ বিজয়ের থেকে অভ্র অনেক সোজা এবং এইরকম ঝামেলা নেই৷ অভ্র সম্পূর্ণ ইউনিকোড সাপোর্ট করে৷ আপনি যে সংস্করণটির কথা বলছেন তা সম্ভবত ইউনিকোড সমর্থন করেনা৷ এছাড়া বিজয় একটি বাণিজ্যিক সফটওয়্যার যার লাইসেন্স কিনতে হয়৷ সেই তুলনায় অভ্র ফ্রি৷ এছাড়া একুশেও ভাল৷

বিস্তারিত পড়ুন:

http://biggani.com/content/view/37/119/

http://www.omicronlab.com/

 

   

প্রতিঃ বিজয়ের থেকে অভ্র অনেক সোজা

উত্তর দিয়েছেন - মোজাম্মেল হোসেন ত্বোহা

মুক্তা, আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ৷ তবে আপনার ধারণা ভুল৷ কারণ আমি নিজে নিয়মিত অভ্র ব্যবহার করি৷ আমার এই প্রবন্ধটাও অভ্র দিয়েই লেখা৷ বিজয় ব্যবহার করতাম আরও কয়েক বছর আগে যখন অভ্র ছিল না৷ তখন এই বিড়ম্বনা থেকে মুক্তি পেতে এই বিকল্প পদ্ধতিটা উদ্ভাবন (!) করেছিলাম। যারা এখনও বিজয় ব্যবহার করেন, তাদের কাজে লাগতে পারে ভেবেই এই প্রবন্ধটা লিখেছি৷

   

সবাইকে অভ্র ব্যবহার করতে উৎসাহিত করুন, বিজয় নয়

মন্তব্য করেছেন - ফিরোজ আলম ; মন্তব্য করা হয়েছে - বিজ্ঞানী ডট অরগে

মোজাম্মেল ভাই, সবচেয়ে ভাল হয় যদি আপনি সবাইকে ইউনিকোড ব্যবহার করতে উত্‍সাহিত করেন৷ কারন আমাদের ধীরে ধীরে ইউনিকোডে যেতে হবে৷ তাই যতো আগে আমরা ঐদিকে অগ্রসর হতে পারি সেটাই ভাল৷ যদিও আপনি নিজে ইউনিকোড ব্যবহার করেন তবুও বলবো আপনার সাথে সবাইকে ইউনোকড ব্যবহারে উদ্বুদ্ধ করুন৷

আরেকটা কথা, আমি অভ্র কীবোর্ডের প্রচারনা করেছি না, আমি ইউনিকোড ব্যবহার করার কথা বলছি৷ ধন্যবাদ৷

 

   

প্রতিঃ সবাইকে অভ্র ব্যবহার করতে উৎসাহিত করুন, বিজয় নয়

উত্তর দিয়েছেন - মোজাম্মেল হোসেন ত্বোহা

ফিরোজ ভাই, আমি সবাইকে অভ্র ব্যবহার করতেই উদ্বুদ্ধ করি৷ বাংলা কম্পিউটিং এর উপর আমার অন্যান্য প্রবন্ধগুলো পড়লেই তা বুঝতে পারবেন৷ কিন্তু কথা হলো, যারা এখনও বিজয়ই ব্যবহার করছেন (সেটার একশ একটা কারণ থাকতে পারে), তাদেরকে কি আমরা কোন সাহায্যই করব না?

যারা একবার বিজয় কিনে ফেলেছিলেন, তাদের অনেকেই এখনও বিভিন্ন কাজে (বিশেষতঃ প্রিন্টিং এর কাজে) ব্যবহার করে থাকেন৷ তাদের জন্যই এই লেখা৷ সেই সাথে তাদের প্রতি অনুরোধ, এই বিকল্প ব্যবস্থা থেকে বেরিয়ে ইউনিকোডে আসুন, যেখানে কোন বিকল্পের প্রয়োজন নেই৷