ইউনিকোড ভিত্তিক বাংলা ফন্ট দিয়েও দৃষ্টিনন্দন ডেস্কটপ পাবলিশিং!

বিষয় - বাংলা কম্পিউটিং (ফন্ট, ইউনিকোড, ডিটিপি, প্রিন্টিং, পাবলিশিং)

প্রকাশের তারিখ - 21 ফেব্রুয়ারি 2008

   

কম্পিউটারে বাংলা লেখার পদ্ধতি হিসেবে ইউনিকোড ভিত্তিক স্ক্রিপ্টিং সিস্টেমের জনপ্রিয়তা বর্তমানে অনেক বেশি এবং এ জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে৷ বিশেষত ওয়েব সাইটে বাংলা ব্যবহারের ক্ষেত্রে যেহেতু ইউনিকোডই সবচেয়ে সুন্দর সমাধান, সেহেতু এই ক্ষেত্রে ইউনিকোডের জনপ্রিয়তা একেবারে গগণচুম্বী৷ সে তুলনায় ডেস্কটপ পাবলিশিং এর ক্ষেত্রে ইউনিকোড এখনও কিছুটা পিছিয়ে আছে৷ এই পিছিয়ে থাকার মূল কারণ হল ইউনিকোডভিত্তিক বাংলা ফন্ট সম্পর্কে সাধারণ ব্যবহারকারীদের অজ্ঞতা এবং ভীতি৷

বর্তমানে ইন্টারনেটে বেশ কিছু ইউনিকোডভিত্তিক বাংলা ফন্ট ফ্রি পাওয়া গেলেও অধিকাংশ সাধারণ ব্যবহারকারীই এগুলো ব্যবহার করে কোন ডকুমেন্ট প্রিন্ট করতে খুব একটা আগ্রহী হয় না৷ এর কারণ হল, বেশির ভাগ ইউনিকোডভিত্তিক বাংলা ফন্টেরই ইংরেজি অক্ষরগুলোর চেহারা একেবারে যাচ্ছেতাই৷ আর ইংরেজি অক্ষরগুলোর চেহারা যদি সুন্দরও হয়, তাহলে দেখা যায় বাংলা এবং ইংরেজি অক্ষরের আকারের মধ্যে কোন সামঞ্জস্য নেই৷ একটা অনেক বড় এবং অপরটা অনেক ছোট৷

মূলত এই একটিমাত্র কারণেই অধিকাংশ ব্যবহারকারী সাধারণ কাজের জন্য ইউনিকোড ব্যবহার করলেও শুধুমাত্র প্রিন্টিং এর সময় পুরানো পদ্ধতির বাংলা সফটওয়্যারের পাইরেটেড সংস্করণ ব্যবহার করে৷ কারণ তাদের অনেকেই জানেনা খুব সহজেই ইউনিকোড ভিত্তিক বাংলা ফন্ট দিয়েও খুব সুন্দর প্রিন্ট আউটের ব্যবস্থা করা যায়৷

মনে করুন আপনি এমন একটি ইউনিকোডভিত্তিক বাংলা ফন্ট ব্যবহার করে কোন ডকুমেন্ট প্রিন্ট করতে চাচ্ছেন, যার বাংলা অংশের চেহারা খুবই সুন্দর কিন্তু ইংরেজি অংশের চেহারা ততটা সুন্দর না৷ সেক্ষেত্রে আপনি প্রথমে ঠিক করুন আপনি ডকুমেন্টটির ইংরেজি অংশগুলো কোন ফন্টের মতো দেখতে চান৷ আমি ধরে নিচ্ছি আপনি ইংরেজি অংশগুলো ইংরেজি ফন্ট Times New Roman এর মতো দেখতে চান৷ তাহলে পুরো ডকুমেন্টটা সিলেক্ট করে ফন্টলিস্ট থেকে প্রথমে উক্ত বাংলা ফন্টটি সিলেক্ট করুন৷ এবার পুরো ডকুমেন্টটি সিলেক্ট করা অবস্থাতেই আবার ফন্টলিস্ট থেকে টাইমস নিউ রোমান সিলেক্ট করুন৷ এর ফলে ডকুমেন্টটির বাংলা অংশগুলো ঠিকই উক্ত বাংলা ফন্টে প্রদর্শিত হবে কিন্তু ইংরেজি অংশগুলো আপনার পছন্দ অনুযায়ী টাইমস নিউ রোমান দ্বারা প্রদর্শিত হবে৷

এই পদ্ধতি অনুসরন করে আপনি ইউনিকোডভিত্তিক যেকোন বাংলা ফন্টের সাথে আপনার পছন্দ অনুযায়ী যেকোন ইংরেজি ফন্ট ব্যবহার করে ডকুমেন্টটির সম্ভাব্য সবচেয়ে সুন্দর প্রিন্ট আউট নিতে পারবেন মাত্র কয়েকটি মাউজক্লিকের মাধ্যমে যেখানে এই একই কাজ পুরানো বাংলা সফটওয়্যার করে করতে হলে আপনার অবস্থা কেরোসিন হয়ে যাবে৷ কারণ সেখানে সিলেক্ট অল দিয়ে ফন্ট পরিবর্তন করা যাবে না, প্রতিটা ইংরেজি শব্দকে পৃথক পৃথক ভাবে সিলেক্ট করে ফন্ট পরিবর্তন করতে হবে৷ সুতরাং আজ থেকে ইউনিকোডই হোক আপনার ডেস্কটপ পাবলিশিং এর প্রধান উপায়৷


শীঘ্রই এই প্রবন্ধটি বিস্তারিত বিবরণ এবং স্ক্রীণশট সহ ডাউনলোড উপযোগী পিডিএফ ফরম্যাটে পাওয়া যাবে


   

মন্তব্যসমূহ (00)

এই প্রবন্ধটি সম্পর্কে আপনার যেকোন মতামত অথবা প্রশ্ন থাকলে নির্দ্বিধায় তা ইমেইল করে জানান৷ যথাশীঘ্র সম্ভব আপনার ইমেইলের উত্তর দেওয়া হবে এবং তা এখানে সংযোজন করা হবে৷