বিষয় - বাংলা কম্পিউটিং (ফাইল, ফোল্ডার, রিনেম, ইউনিকোড, ভাষা)
প্রকাশের তারিখ - 21 ফেব্রুয়ারি 2008
বাংলাদেশী যেসব কম্পিউটার ব্যবহারকারী প্রবাসে থাকেন, তাদের অনেকেরই কম্পিউটারে পর্যাপ্ত পরিমাণে বাংলা ফন্ট এবং সফটওয়্যার থাকা সত্ত্বেও কম্পিউটারে বাংলা ব্যবহার করার ক্ষেত্রে এমন অনেক সমস্যার সম্মুখীন হন, যেটা দেশীয় ব্যবহারকারীদের ক্ষেত্রে সচরাচর ঘটে না৷ যেমন ধরা যাক ফাইল-ফোল্ডারের নাম বাংলায় দেখার ব্যাপারটি৷
আমরা জানি উইন্ডোজের ফাইল-ফোল্ডারের নাম বাংলায় দেখতে চাইলে Display Properties > Appearance > Advanced এর Item লিস্টবক্স থেকে Icon সিলেক্ট করে Font লিস্টবক্স থেকে পছন্দমতো যেকোন বাংলা ফন্ট সিলেক্ট করে দিতে হয়৷ সাধারণত এই Font লিস্টবক্সে ব্যবহারযোগ্য সকল ফন্টের তালিকাই দেখা যায়৷ কিন্তু অনেক ব্যবহারকারীর কম্পিউটারে, বিশেষত যারা মধ্যপ্রাচ্যে থাকেন তাদের কম্পিউটারে এই Font লিস্টবক্সে মাত্র দশটি ফন্টের নাম দেখা যায়, যেখানে অন্য কোন বাংলা ফন্টতো দূরের কথা, বৃন্দাও থাকে না৷ ফলে এ সকল ব্যবহারকারীরা তাদের আইকনগুলোর নাম বাংলাতে দেখতে পারেন না৷
এই সমস্যার কারণ মূলত একটাই৷ সেটা হচ্ছে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ
সেটিংস৷ আপনি যদি কন্ট্রোল প্যানেল থেকে Regional and
Language Options এর Advanced ট্যাবে ক্লিক করেন,
তাহলে সেখানে Select a language to match the language version of
the non-Unicode programs you want to use: নামে একটা ড্রপডাউন
লিস্ট দেখতে পাবেন৷ এটা যদি ইংরেজি হিসেবে সেট করা থাকে, তাহলে কোন সমস্যা
হয় না৷ কিন্তু যারা প্রবাসে থাকে এবং কম্পিউটারে সেই দেশের ভাষা সুন্দর
ভাবে দেখতে চায়, তারা এখানে সেই দেশের ভাষা ব্যবহার করে এবং নিজের অজান্তেই
বাংলার জন্য সমস্যা তৈরি করে বসে৷
যেমন আমি নিজে লিবিয়াতে থাকি এবং এরফলে আমাকে নিয়মিত ভাবেই কম্পিউটারে আরবি ব্যবহার করতে হয়৷ আর আমার কম্পিউটারে যেন কোন রকম ঝামেলা ছাড়াই আরবি দেখা যায়, সেজন্য আমাকে এখানে Arabic (Libya) ব্যবহার করতে হয়৷ কিন্তু এটা ব্যবহার করলেই Font লিস্টবক্সে সকল ফন্টের পরিবর্তে মাত্র দশটা ফন্ট চলে আসে৷ কাজেই এক্ষেত্রে আমার যখনই আইকন ফন্ট পরিবর্তন করার প্রয়োজন হয়, তখন প্রথমে ল্যাঙ্গুয়েজ সেটিংসে গিয়ে Arabic (Libya) এর পরিবর্তে English (United States) সেট করে দিতে হয়৷ এরপর কম্পিউটার রিস্টার্ট করে ইচ্ছেমতো ফন্ট পরিবর্তন করে তারপর আবার পূর্বের মতো Arabic (Libya) সেট করে দিতে হয়৷
আইকন ফন্ট ছাড়াও ল্যাঙ্গুয়েজ সেটিংসের কারণে আরও কিছু সমস্যাও দেখা দিতে পারে৷ যেমন নন-ইউনিকোডে তৈরি ভিজুয়্যাল বেসিক প্রোগ্রাম, ভিজুয়্যাল বেসিকের কোড উইন্ডোতে নন-ইউনিকোড বাংলা বর্ণের ব্যবহার, নন-ইউনিকোডে তৈরি ওয়েবপেজ ইত্যাদি৷ সেসব ক্ষেত্রে অন্য কোন সমাধান না পেলে এই পদ্ধতিটা ট্রাই করে দেখা যেতে পার৷ এতে কাজ হলেও হতে পারে৷
এই প্রবন্ধটি সম্পর্কে আপনার যেকোন মতামত অথবা প্রশ্ন থাকলে নির্দ্বিধায় তা ইমেইল করে জানান৷ যথাশীঘ্র সম্ভব আপনার ইমেইলের উত্তর দেওয়া হবে এবং তা এখানে সংযোজন করা হবে৷