ওয়েবসাইটে সঠিকভাবে বাংলা দেখার সমস্যা

বিষয় - বাংলা কম্পিউটিং (ফন্ট, ইউনিকোড, এমবেড, সংযুক্ত, ডাউনলোড)

প্রকাশের তারিখ - 21 ফেব্রুয়ারি 2008

   

যদিও বর্তমানে বাংলা ওয়েবসাইটগুলোর মধ্যে ইউনিকোডভিত্তিক সাইটের সংখ্যাই বেশি, তবুও পুরানো নিয়ম ব্যবহার করে এমন সাইটের সংখ্যাও কম নয়৷ বিশেষ করে বেশ কিছু জনপ্রিয় দৈনিক পত্রিকা এখনও তাদের সাইটে বৈশাখী এবং বংশী আল্পনা ফন্টগুলো ব্যবহার করছে৷ ইউনিকোড ভিত্তিক সাইটগুলোর একটা বড় সুবিধা হল, এগুলোতে যে ফন্টই ব্যবহার করা হোক না কেন, কম্পিউটারে সেটা না থেকে বৃন্দা বা ইউনিকোড ভিত্তিক অন্য কোন বাংলা ফন্ট থাকলেও সাইটের লেখাগুলো কোন ঝামেলা ছাড়াই পড়া যায়৷

কিন্তু যদি ইউনিকোড না ব্যবহার করে সাধারণ কোন ফন্ট ব্যবহার করা হয়, তাহলে ঐ নির্দিষ্ট ফন্টটি কম্পিউটারে না থাকলে সাইটটি সঠিকভাবে প্রদর্শিত হবে না৷ এ কারণে যারা এ ধরনের ফন্ট ব্যবহার করেন, তারা সাধারণত ওয়েব সাইটের সাথে ফন্টটা .eot ফাইল হিসেবে সংযুক্ত করে দেন৷ এরফলে সাইটটা লোড হওয়ার সময় ফন্টটাও লোড হয়ে যায় এবং পেজগুলো ঠিকভাবে প্রদর্শিত হয়৷

কিন্তু মাঝেমাঝে এই ধরনের .eot ফাইলযুক্ত সাইটগুলোতেও ঠিকভাবে বাংলা প্রদর্শিত হয় না৷ আপনি যদি সাইবার ক্যাফে থেকে ইন্টারনেট ব্যবহার করে থাকেন, তাহলে নিশ্চয়ই প্রতিনিয়তই এই সমস্যার সম্মুখীন হন এবং কারণটা জানা না থাকলে আশ্চর্য হয়ে ভাবেন ফন্ট সংযুক্ত থাকা সত্ত্বেও ঠিকভাবে প্রদর্শিত না হওয়ার কারণটা কি! কারণ আর কিছুই নয় - আপনার কম্পিউটারের ইন্টারনেট সেটিংস৷

আপনি যদি ইন্টারনেট এক্সপ্লোরারের Tools > Internet Options > Security > Custom Level এ যান, তাহলে Downloads আইটেমের নিচে Font Download নামে একটা সাব-আইটেম দেখতে পাবেন৷ এটা যদি ডিজ্যাবল করা থাকে, তাহলেই ওয়েবসাইট লোড হওয়ার সময় ফন্ট লোড হয় না৷ কাজেই এরকম ক্ষেত্রে এই অপশনটাকে এন্যাবল করে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনি সুন্দরভাবে ওয়েবসাইটে বাংলা দেখতে পারবেন৷


শীঘ্রই এই প্রবন্ধটি বিস্তারিত বিবরণ এবং স্ক্রীণশট সহ ডাউনলোড উপযোগী পিডিএফ ফরম্যাটে পাওয়া যাবে


   

মন্তব্যসমূহ (03)

এই প্রবন্ধটি সম্পর্কে আপনার যেকোন মতামত অথবা প্রশ্ন থাকলে নির্দ্বিধায় তা ইমেইল করে জানান৷ যথাশীঘ্র সম্ভব আপনার ইমেইলের উত্তর দেওয়া হবে এবং তা এখানে সংযোজন করা হবে৷

   

ধন্যবাদ

মন্তব্য করেছেন - শামীম আহমেদ ; মন্তব্য করা হয়েছে - বিজ্ঞানী ডট অরগে

সুন্দর ও দরকারী লেখার জন্য বিশেষ ধন্যবাদ৷

   

কিন্তু

মন্তব্য করেছেন - আলা ভোলা ; মন্তব্য করা হয়েছে - বিজ্ঞানী ডট অরগে

Mozilla তে কি করতে হবে?

   

প্রতিঃ কিন্তু

উত্তর দিয়েছেন - মোজাম্মেল হোসেন ত্বোহা

আমার মনে হয় Mozilla তে কিছু করার নেই৷ মোজিলার অনেকগুলো সুবিধার পাশাপাশ কিছু সীমাবদ্ধতাও আছে৷ যেমন আপনি মোজিলা দিয়ে কোন অবস্থাতেই প্রথম আলোর সাইট পড়তে পারবেন না৷