মোবাইল ফোন দিয়ে বাঘ শিকার!

বিষয় - প্রাণীবিজ্ঞান (মোবাইল, ফোন, হ্যান্ডসেট, সেলুলার, শিকার, বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, বন)

প্রকাশের তারিখ - ২১ ফেব্রুয়ারি ২০০৮

   

কোন হাই রেঞ্জের শুটিং রাইফেল নয়, কোন ডার্ট গান নয়, কোন ট্রাঙ্কুইলাইজার নয়, এমন কি কোন তীর-ধনুকও নয়; সামান্য একটা মোবাইল ফোনের রিংটোনই পারে আপনাকে ভয়ঙ্কর কোন চিতাবাঘের আক্রমণ থেকে রক্ষা করতে৷ সম্প্রতি ভারতের গুজরাটে এমনই নিদর্শন দেখা গেছে৷

গুজরাটের গ্রামবাসীরা বর্তমানে নিয়মিত ভাবেই গরু-ছাগল-ভেড়া প্রভৃতি গৃহপালিত প্রাণীর ডাকের রিংটোন ব্যবহার করে চিতাবাঘকে বিভ্রান্ত করে লোকালয় থেকে দূরে সরিয়ে দিচ্ছে৷ এমনকি বনরক্ষীরা টোপ হিসেবে খাঁচার মধ্যে বিরতিহীনভাবে রিংটোন বাজিয়ে কোন রকম ঝামেলা ছাড়াই বাঘকে খাঁচায় বন্দী করতে সক্ষম হচ্ছে৷

ডি. ভাসানী, গুজরাটের একজন উর্ধ্বতন বন কর্মকর্তা, বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছন, গরু-ছাগলের ডাকের রিংটোন বাঘকে বিভ্রান্ত করার ক্ষেত্রে যথেষ্ট কার্যকর বলে প্রমাণিত হয়েছে৷ তিনি আরও জানান, গত একমাসে বনরক্ষীরা এই পদ্ধতি ব্যবহার করে লোকালয়ে আসা পাঁচটি বাঘকে সফলভাবে বন্দী করে পুনরায় জঙ্গলে রেখে আসতে সক্ষম হয়েছে৷

অন্যান্য অনেক এলাকার মতো গুজরাটেও চিতাবাঘ প্রায়ই সহজ শিকারের আশায় জঙ্গলের সীমাস্থ লোকালয়ে হানা দেয়৷ গৃহপালিত প্রাণীতো বটেই, সময়ে সময়ে গ্রামের মানুষও তাদের আক্রমণের শিকার হয়৷ তাই বাঘের আগমনের সংবাদ পেলেই বনরক্ষীরা তাকে ধরার জন্য তত্‍পর হয়ে উঠে৷ কিন্তু ব্যাপারটা কখনোই খুব সহজ ছিল না৷ তীক্ষ্ণ নখ ও দাত এবং ৭০-৮০ কেজি ওজন বিশিষ্ট প্রাণীটিকে ধরতে গিয়ে প্রায়ই হতাহতের ঘটনা ঘটত৷

পূর্বে বনরক্ষীরা সাধারণত টোপ হিসেবে দড়িতে বাধা ছাগল ব্যবহার করত, যার লোভে আক্রমণ করতে যাওয়া চিতাবাঘ লতাপাতা দিয়ে ঢেকে রাখা গোপন গর্তে পড়ে ধরা খেত৷ কিন্তু এই পদ্ধতিটা ছিল কিছুটা অমানবিক৷ এতে শিকারী এবং টোপ উভয়েরই হতাহত হওয়ার সম্ভাবনা থাকত৷ তাছাড়া এরফলে শিকারও গর্তে পড়ে আহত হত৷ কিন্তু বর্তমানে রিংটোনের মাধ্যমে কৌশলে বাঘ ধরার এই পদ্ধতিতে বিপদের কোন সম্ভাবনাই নেই৷

বন্যপ্রাণী সংরক্ষণ আন্দোলনের নেতৃবৃন্দ এই নতুন পদ্ধতিকে স্বাগত জানিয়েছেন৷ তারা এটাকে অধিকতর মানবিক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন৷ তারা আশা করছেন, এই পদ্ধতি বিশ্বের অন্যান্য স্থানেও অনুসরণ করা হবে৷ যেহেতু এই পদ্ধতিতে খুব সহজেই বাঘকে বন্দী করে ফেলা যায়, কাজেই তারা আশা করছেন এরফলে হয়তো বাঘ হত্যা করার প্রয়োজনীয়তা কমে যাবে এবং প্রজাতিটির বিলুপ্তির আশংকা অনেকটাই হ্রাস পাবে৷

এই প্রবন্ধটি ন্যাশনাল জিওগ্রাফিক নিউজ (http://news.nationalgeographic.com/) থেকে Kate Ravilious এর Leopards Subdued by "Mooing" Cell Phones অবলম্বনে লেখা হয়েছে৷


এই প্রবন্ধটি মাসিক টেকনোলজি টুডের গত বছরের সেপ্টেম্বর সংখ্যায় প্রকাশিত হয়েছিল


   

মন্তব্যসমূহ (02)

এই প্রবন্ধটি আপনার কেমন লেগেছে তা জানাতে পারেন ইমেইল করে

   

Great

মন্তব্য করেছেন - মো: জাকির হোসেন ; মন্তব্য করা হয়েছে - বিজ্ঞানী ডট অরগে

Great news. Nice to hear this :)

   

Great

মন্তব্য করেছেন - সোহাগ ভুইঁয়া ; মন্তব্য করা হয়েছে - বিজ্ঞানী ডট অরগে

হাহ্ হাহ্ হা :)

পড়ে মজা পেলাম!