গাড়ির চাকায় খাঁজকাটা থাকে কেন? - আব্দুল কাইয়ুম

বিষয় - কার্যকারণ (গাড়ি, চাকা, রেসিং কার, গতি, বেগ, স্পীড, ঘর্ষণ)

প্রকাশের তারিখ - 21 ফেব্রুয়ারি 2008

   

সাধারণভাবে ধারণা করা হয়, রাস্তায় গাড়ি যেন সহজে পিছলে না যায় এবং একই সঙ্গে গাড়ির গতি যেন বাড়ে, সে জন্যই বোধহয় গাড়ির চাকায় খাঁজকাটা থাকে৷ কিন্তু আসলে ব্যাপারটা উল্টো৷ টায়ারে খাঁজকাটা থাকলে চাকার পুরো অংশ রাস্তার সঙ্গে সরাসরি লেগে থাকতে পারে না৷ ফলে রাস্তার ওপর চাকার ঘর্ষণ কিছুটা কম হয়৷ এতে গাড়ির গতি কমে৷ তাহলে কেন আমরা দেখি গাড়ির নতুন চাকায় বেশ কিছুটা গর্ত করে খাঁজকাটা থাকে এবং সেটা না থাকলে চাকা ভালো না বলে ধরে নিই?

টায়ারে খাঁজকাটার উদ্দেশ্য ভিন্ন৷ রাস্তায় যদি পানি বা কাদামাটি জমে থাকে, সেগুলো যেন খাঁজের মধ্য দিয়ে পার করে গাড়ির গতি নির্বিঘ্ন রাখা যায়, সে জন্যই টায়ারে খাঁজকাটা হয়৷ সাধারণ যাতায়াতের জন্য ব্যবহৃত গাড়ির চাকায় এ ব্যবস্থা না থাকলে বৃষ্টিভেজা রাস্তায় গাড়ি চালানো কষ্টকর হতো৷

কিন্তু যদি শুধু গাড়ির গতি বাড়ানোই উদ্দেশ্য হয়, তাহলে খাঁজকাটা টায়ার ব্যবহারের দরকার নেই৷ চাকার টায়ারের যত বেশি অংশ রাস্তার সংস্পর্শে থাকে, তত বেশি জোরে গাড়ি চলতে পারে৷ সে জন্যই রেসিং কারের চাকাগুলো বেশ চওড়া হয় এবং সেই চাকায় কোনো খাঁজকাটা থাকে না৷

সাধারণত পরিষ্কার আবহাওয়ায় ও পাকা রাস্তায় গাড়ির রেস হয়৷ পানি বা কাদামাটির ঝামেলা সেখানে থাকে না৷ আর রেসিং কারের চাকাগুলো থাকে খুব নরম রাবারের, যেন সেটা রাস্তার সঙ্গে ভালোভাবে লেপ্টে থাকে৷ এতে গাড়ির গতি আরও বাড়ে৷ সে জন্যই দূরপাল্লার গাড়ির রেসে কিছুক্ষণ পরপর রাস্তার পাশে গাড়ি থামিয়ে চাকা বদলে নেওয়া হয়৷ কারণ নরম রাবারের চাকা খুব দ্রুত ক্ষয় হয়ে যায়৷


প্রথম আলোর ছুটির দিনের আব্দুল কাইয়ুমের কার্যকারণ থেকে সংগৃহীত


   

মন্তব্যসমূহ (00)

এই প্রবন্ধটি আপনার কেমন লেগেছে তা জানাতে পারেন ইমেইল করে