আবহাওয়ার পূর্বাভাস কেন সব সময় মিলে যায় না? - আব্দুল কাইয়ুম

বিষয় - কার্যকারণ (আবহাওয়া, জলবায়ু, পূর্বাভাস, ভবিষ্যদ্বাণী, সংবাদ)

প্রকাশের তারিখ - 21 ফেব্রুয়ারি 2008

   

আবহাওয়ার পূর্বাভাসে এবার শৈত্যপ্রবাহের কথা বলা হয়েছিল এবং শৈত্যপ্রবাহ হয়েছিলও৷ কিন্তু অনেক সময় দেখা যায় সম্ভাব্য শৈত্যপ্রবাহের দিনে শীত নেই৷ কখনো দেখা যায় ঘূর্ণিঝড়ের পূর্বাভাস অনুযায়ী প্রলয়ংকরী ঝড় হয় না৷ তখন প্রশ্ন ওঠে, এসব পূর্বাভাস কতটা নির্ভরযোগ্য?

আসলে ঝড়-বৃষ্টি, শীত-গরমের পূর্বাভাসের অর্থ কিন্তু এটা নয় যে, আবহাওয়ার ওই পরিবর্তন হবেই৷ এ রকম নিশ্চিত পূর্বাভাস দেওয়ার নির্ভরযোগ্য উপায় এখনো পাওয়া যায়নি৷ তাই সাধারণত সম্ভাবনার কথাই বলা হয়৷ আবহাওয়া বিভাগ যখন শৈত্যপ্রবাহ বা বৃষ্টির কথা বলে, তখন তার অর্থ ধরে নিতে হবে যে, ওই ধরনের আবহাওয়ার সম্ভাবনা অন্তত শতকরা ৫০ ভাগ৷ যদি সম্ভাবনা বেশি থাকে, তাহলে তার নির্দিষ্ট মান উল্লেখ করা হতে পারে৷

আবহাওয়া বিভাগ আবহাওয়া ও জলবায়ুসংক্রান্ত দীর্ঘদিনের তথ্য নিয়মিতভাবে সংরক্ষণ করে৷ পূর্বাভাসে সাধারণত এই তথ্যভাণ্ডার ব্যবহার করা হয়৷ যেমন কখনো যদি সাগরে নিম্নচাপ সৃষ্টি হয় এবং তথ্যভাণ্ডার পরীক্ষা করে যদি দেখা যায় অতীতে এ রকম সময়ের নিম্নচাপ দেশের উপকূলে প্রবল ঘূর্ণিঝড়রূপে আঘাত হেনেছে ৮০ ভাগ ক্ষেত্রে, তাহলে পূর্বাভাসে বলা হবে ঘূর্ণিঝড়ের আশঙ্কা শতকরা ৮০ ভাগ৷ অনুরূপভাবে যদি কোনো অঞ্চলে শৈত্যপ্রবাহের সংকেত পাওয়া যায় এবং তথ্যভাণ্ডারে দেখা যায় অতীতে এ ধরনের শৈত্যপ্রবাহের সঙ্গে ঝিরঝির বৃষ্টির ঘটনা ঘটেছে শতকরা ৭০ ভাগ ক্ষেত্রে, তাহলে পূর্বাভাসে বলা হতে পারে শৈত্যপ্রবাহের সঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা শতকরা ৭০ ভাগ৷

অর্থাত্‍ আবহাওয়ার পূর্বাভাস অতীতে কী ঘটেছিল তার ওপর নির্ভরশীল৷ কিন্তু আগে ঘটলেও প্রতিবার একই ঘটনার পুনরাবৃত্তি নাও হতে পারে৷ সে জন্যই আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঝড়-বৃষ্টি বা শৈত্যপ্রবাহ অনেক সময় ঘটতে দেখা যায় না৷ এখন বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বেড়েছে, কম্পিউটারে আবহাওয়া উপাত্ত বিশ্লেষণের আরও নির্ভরযোগ্য উপায় সহজলভ্য হয়েছে এবং স্যাটেলাইটের মাধ্যমে বায়ুমণ্ডলের সূক্ষ্ম পরিবর্তনগুলো সম্পর্কেও নির্ভুল তথ্য দ্রুত জানা যাচ্ছে৷ ফলে আবহাওয়ার পূর্বাভাস আগের চেয়ে অনেক বেশি নির্ভরযোগ্য হয়ে উঠেছে৷ আজকাল অগ্রিম অন্তত তিন দিনের নির্ভরযোগ্য পূর্বাভাস দেওয়া সম্ভব৷ অগ্রিম সাত থেকে দশ দিনের পূর্বাভাস কেবল সাধারণভাবে প্রযোজ্য, পরে অবস্থা অনুযায়ী তা সংশোধন করা হয়৷


প্রথম আলোর ছুটির দিনের আব্দুল কাইয়ুমের কার্যকারণ থেকে সংগৃহীত


   

মন্তব্যসমূহ (00)

এই প্রবন্ধটি আপনার কেমন লেগেছে তা জানাতে পারেন ইমেইল করে