বিষয় - সফটওয়্যার রিভিউ (সফটওয়্যার, প্রোগ্রাম, টেক্সট, ক্যারেক্টার, ওয়ার্ড, রিপ্লেস, ফাইল)
প্রকাশের তারিখ - 21 ফেব্রুয়ারি 2008
সম্মিলিত বর্ণ প্রতিস্থাপক কি?
সম্মিলিত বর্ণ প্রতিস্থাপক হচ্ছে বর্ণভিত্তিক তথা টেক্সটবেজড ফাইলগুলোর (01) অভ্যন্তরস্থ কিছু বর্ণ বা শব্দকে অন্য কিছু বর্ণ বা শব্দ দ্বারা প্রতিস্থাপন করার জন্য তৈরি একটি ছোট প্রোগ্রাম৷ এটি আমি মূলত ব্যক্তিগত কাজে ব্যবহার করার জন্য তৈরি করেছিলাম৷ তবে অন্যদেরও কাজে লাগতে পারে ভেবে পরবর্তীতে একে ইন্টারনেটে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেই৷ বর্তমানে এর 1.0 সংস্করণ ইন্টারনেটে পাওয়া যাচ্ছে৷ এই সংস্করণটি মুক্ত করা হয়েছে 01 ফেব্রুয়ারি 2008 তারিখে৷ এটি আপনি ডাউনলোড করতে পারবেন এই লিংক থেকে – http://www.esnips.com/web/TohaBanglaUniPro
প্রোগ্রামটি মূলত BatchCharacterReplacement.zip নামক একটি সংকুচিত ফাইলের অভ্যন্তরে অবস্থিত, যেখানে মূল পোগ্রামটি ছাড়াও একটি সহায়িকা এবং সোলাইমানলিপি নামক একটি ইউনিকোডভিত্তিক বাংলা ফন্ট দেওয়া আছে৷ প্রোগ্রামটির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর ইন্টারফেস প্রায় সম্পূর্ণরূপে বাংলায় ডিজাইন করা হয়েছে৷ এমনকি এতে বিভিন্ন ব্যবহৃত বিভিন্ন বার্তাগুলোও বাংলায় তৈরি করা হয়েছে৷
প্রোগ্রামটি ব্যবহার করার জন্য আপনার কম্পিউটারে বাড়তি কোন সাপোর্ট প্রয়োজন হবে না যদি আপনি উইন্ডোজ এক্স পি সার্ভিস প্যাক টু এর ব্যবহারকারী হয়ে থাকেন এবং এরফলে আপনার কম্পিউটারে ডিফল্ট ভাবেই ইউনিকোড সাপোর্ট এবং ইউনিকোডভিত্তিক বাংলা ফন্ট থেকে থাকে৷ মূল প্রোগ্রামটির সাইজ মাত্র 344 কিলোবাইট৷ তবে এরসাথে সোলাইমানলিপি ফন্ট এবং এই সহায়িকাটি যুক্ত করে সংকুচিত করায় পুরো প্যাকেজটির সাইজ হয়েছে 249 কিলোবাইট৷
সম্মিলিত বর্ণ প্রতিস্থাপক আপনি কি কি কাজে ব্যবহার করতে পারেন?
মনে করুন আপনি পঞ্চাশটি গল্প বা প্রবন্ধ লিখেছেন যেগুলো ওয়েবপেজ অথবা নোটপ্যাড ফাইল হিসেবে আপনার কম্পিউটারে সেভ করা আছে৷ আরও মনে করুন এই ফাইলগুলোর প্রতিটির মধ্যেই আপনার নাম এবং ইমেইল আইডি লিপিবদ্ধ আছে৷ এখন কোন কারণে যদি আপনি ফাইলগুলোতে রক্ষিত আপনার নামের বানান অথবা ইমেইল আইডি পরিবর্তন করতে চান, তাহলে কি করবেন? নিশ্চয়ই ম্যানুয়ালি প্রতিটি ফাইল ওপেন করে বারবার ফাইন্ড রিপ্লেস কমান্ড ব্যবহার করে সবগুলো নাম বা ইমেইল আইডি পরিবর্তন করবেন?
কিন্তু পঞ্চাশটি ফাইলের ডাটা পরিবর্তন করতে কত সময় লাগবে এবং কাজটা কিরকম বিরক্তিকর হবে সেটা কি ভেবে দেখেছেন? এই বিরক্তিকর কাজটা যেন করতে না হয় সেজন্যই তৈরি করা হয়েছে সম্মিলিত বর্ণ প্রতিস্থাপক, যা দিয়ে এই একই কাজ আপনি করতে পারবেন মাত্র কয়েকটা ক্লিকের সাহায্যে এক মিনিটেরও কম সময়ের মধ্যে৷ আপনাকে শুধু ফাইলগুলো সিলেক্ট করে কোন বর্ণকে কোন বর্ণ দিয়ে প্রতিস্থাপন করতে চান সেটা উল্লেখ করে রিপ্লেস বাটনে ক্লিক করতে হবে৷
এই প্রোগ্রামটিকে আপনি ইচ্ছে করলে সম্পূর্ণ ভিন্ন একটি কাজেও ব্যবহার করতে পারেন৷ আর তা হল কোন ফাইলকে নিরাপত্তা প্রদানের কাজে৷ মনে করুন আপনি কোন পিডিএফ ফাইলকে এনক্রিপ্ট করে রাখতে চান যেন অন্যান্য ব্যবহারকারীরা এটা চালু করতে না পারে৷ তাহলে প্রোগ্রামটি চালু করে পিডিএফ ফাইলটিকে সিলেক্ট করে এর অভ্যন্তরের সবগুলো a কে *!* দিয়ে রিপ্লেস করে দিন৷ পরবর্তীতে ডিক্রিপ্ট করতে চাইলে আবার বিপরীতভাবে *!* কে a দিয়ে রিপ্লেস করে দিলেই হয়ে যাবে৷
তবে এই পদ্ধতির একটা সমস্যা হচ্ছে, যে বর্ণটি দিয়ে প্রতিস্থাপন করবেন সেটি যদি মূল ফাইলের মধ্যেই উপস্থিত থেকে থাকে তাহলে ফাইলটি পরবর্তীতে আর ঠিক ভাবে ডিক্রিপ্ট হবে না৷ তাই রিপ্লেস করার জন্য আপনাকে এমন একটি বর্ণ বা এমন কিছু বর্ণসমষ্টি সমষ্টি ব্যবহার করতে হবে যেটা মূল ফাইলের মধ্যে উপস্থিত নেই৷ *!*, #*#, &@& প্রভৃতি এ ধরনেরই কিছু বর্ণসমষ্টি যেগুলো কোন ফাইলের মধ্যে উপস্থিত থাকার সম্ভাবনা খুবই কম৷
তবে একটি বর্ণকে একাধিক বর্ণ দিয়ে রিপ্লেস করলেও একটা সমস্যা হতে পারে৷ সেটা হল যে বর্ণটিকে রিপ্লেস করবেন সেটি যদি ফাইলটিতে অনেক বেশি সংখ্যক বার উপস্থিত থাকে তাহলে এনক্রিপ্টেড ফাইলটির সাইজ অনেক বেশি হয়ে যেতে পারে৷ সেজন্য একটি বর্ণকে একটি বর্ণ দিয়ে রিপ্লেস করাই বুদ্ধিমানের কাজ৷ তবে এ জন্য আপনাকে প্রথমেই জানতে হবে কোন বর্ণগুলো উক্ত ফাইলের মধ্যে উপস্থিত নেই৷
মনে করুন আপনি জানতে চাচ্ছেন ~ বর্ণটি কোন নির্দিষ্ট ফাইলটির ভেতরে উপস্থিত আছে কি না৷ তাহলে প্রোগ্রামটি থেকে ফাইলটিকে সিলেক্ট করে ~ বর্ণটিকে ~ দিয়েই রিপ্লেস করার চেষ্টা করুন৷ যদি বর্ণটি ফাইলটির মধ্যে উপস্থিত না থাকে তাহলে আপনি একটি বার্তার মাধ্যমে তা জানতে পারবেন৷ আর যদি এটি উপস্থিত থাকে তাহলে এ জাতীয় অন্যান্য বিরল বর্ণ দিয়ে চেষ্টা করুন৷
সম্মিলিত বর্ণ প্রতিস্থাপকের বৈশিষ্ট্যসমূহ
প্রোগ্রামটির ইন্টারফেস যথাসম্ভব বাংলায় ডিজাইন করার চেষ্টা করা হয়েছে৷ ইন্টারফেস তো বটেই, বিভিন্ন অপারেশনের ফলে এতে যে ম্যাসেজগুলো প্রদর্শিত হবে, সেই ম্যাসেজবক্সগুলোও বাংলাতেই প্রদর্শিত হবে৷ ইন্টারফেসটি ইউনিকোডভিত্তিক হওয়ায় এতে সঠিকভাবে বাংলা দেখার জন্য আপনাকে বাড়তি কোন ফন্ট ইনস্টল করতে হবে না, যদি আপনি উইন্ডোজ এক্সপির সার্ভিস প্যাক টু ব্যবহার করে থাকেন এবং এর ফলে আপনার কম্পিউটারে বৃন্দা নামক ডিফল্ট বাংলা ইউনিকোড ফন্টটা থেকে থাকে৷
অবশ্য প্রোগ্রামটি তৈরি করার সময় আমি ডিফল্টভাবে এর ফন্ট হিসেবে সোলাইমানলিপি ব্যবহার করেছি৷ কাজেই আপনার কম্পিউটারে যদি সোলাইমানলিপি ফন্টটা ইনস্টল করা থাকে, তাহলে প্রোগ্রামটি তা দিয়েই প্রদর্শিত হবে৷ আর সোলাইমানলিপি না থাকলে বৃন্দা দিয়েই প্রোগ্রামটি চলবে৷ সফটওয়্যারটির সাথে সোলাইমানলিপি ফন্টটা দেওয়া আছে৷ আপনি ইচ্ছে করলে সেটা ইনস্টল করে নিতে পারেন৷ (02)
সম্মিলিত বর্ণ প্রতিস্থাপকের সমস্যা এবং সীমাবদ্ধতা
প্রোগ্রামটি আমি তৈরি করেছি ভিজুয়্যাল বেসিক 6.0 এর সাহায্যে৷ তবে এক্ষেত্রে বলে রাখি আমি কিন্তু আসলে প্রোগ্রামার নই৷ কম্পিউটার সায়েন্স বা প্রোগ্রামিং এর উপর আমার কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই৷ প্রোগ্রামিং এ আমার ভিত্তি ম্যাট্রিকের মোস্তফা জব্বারের এবং ইন্টারের মুজিবুর রহমানের বই দুটো, সেই সাথে ম্যাট্রিকের কম্পিউটার শিক্ষার পাঞ্জেরী গাইডটা৷ এছাড়া শখের বশে মাঝেমাঝে ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করে ভিজুয়্যাল বেসিক সম্পর্কে যে নগন্য জ্ঞানটুকু অর্জন করতে পেরেছি, তা দিয়েই এই প্রোগ্রামটি তৈরি করার চেষ্টা করেছি৷ কতটুকু সফল হয়েছি সেটা বিবেচনার দায়িত্ব আপনাদের৷ আরেকটা বিষয় হল, এটা আমি তৈরি করেছি মূলত নিজের প্রয়োজনেই৷ তবে অন্যদেরও হয়তো কাজে লাগতে পারে এই ভেবে এটাকে ডাউনলোড করার জন্য ইন্টারনেটে ছেড়ে দিয়েছি৷
যদিও এই প্রোগ্রামটি উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক টু এর অধীনে কোন কম্পিউটারে এ পর্যন্ত কোন সমস্যা করেনি এবং এতে লজিকে ভুল থাকার সম্ভাবনাও কম, তবুও অজ্ঞতা এবং অনভিজ্ঞতার কারণে এর কম্পাটিবলিটির ক্ষেত্রে কিছু সমস্যা থেকে যাওয়ার সম্ভাবনা আছে৷ তাই আগেভাগেই ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আশা করছি আপনারা প্রোগ্রামটি ব্যবহার করে এর ভুলত্রুটিগুলো বের করে প্রয়োজনীয় পরামর্শ দেবেন যেন পরবর্তীতে একে আরও নিখুঁত করা যায়৷ এছাড়া প্রোগ্রামটিতে কিভাবে আরও সুযোগ সুবিধা যুক্ত করা যায়, কিভাবে ইন্টারঅ্যাকটিভ স্কিন ব্যবহার করা যায়, এসব ব্যাপারেও আপনাদের কাছ থেকে উপদেশমূলক মন্তব্য আশা করছি৷
আরেকটা কথা, এই প্রোগ্রামটি মাইক্রোসফট ওয়ার্ডের বর্ণগুলোকে সঠিকভাবে প্রতিস্থাপন করতে পারে না৷ তবে এনক্রিপ্ট করার ক্ষেত্রে এটি প্রায় সব ধরনের ফাইল এমনকি এক্সিকিউট্যাবল প্রোগ্রামের ক্ষেত্রেও ঠিকভাবেই কাজ করে৷ তবে যেসকল প্রোগ্রাম বাইট সেনসিটিভ তাদের ক্ষেত্রে এটি কাজ নাও করতে পারে৷
পাঠ সহায়িকা
(01) এক্ষেত্রে টেক্সটবেজড ফাইলগুলো হল *.htm, *.html, *.mht, *.mhtm, *.asp, *.php, *.xml, *.css, *.js, *.bvs, *.txt, *.rtf, *.ini, *.inf প্রভৃতি৷
(02) ফন্ট ইনস্টল করার একটি সহজ পদ্ধতি সম্পর্কে আপনি জানতে পারবেন এই লিংক থেকে৷ এছাড়া আপনি খুব সহজে ফন্ট ইনস্টলার তৈরি করতে চান তাহলে ক্লিক করুন এখানে৷
এই প্রবন্ধটি সম্পর্কে আপনার যেকোন মতামত অথবা প্রশ্ন থাকলে নির্দ্বিধায় তা ইমেইল করে জানান৷ যথাশীঘ্র সম্ভব আপনার ইমেইলের উত্তর দেওয়া হবে এবং তা এখানে সংযোজন করা হবে৷
ত্বোহা, অভিনন্দন আপনাকে ...
আপনার অনুমতি থাকলে আমাদের প্রযুক্তি ফোরাম থেকে সফটওয়্যারটি সরাসরি ডাউনলোডের ব্যবস্থা করা যায়৷
আপডেট : লিংক - Batch Character Replacement 1.0.zip
সানন্দে অনুমতি দেওয়া হল৷
এগিয়ে যান৷ বাংলা নিয়ে কেউ যদি ছোট খাট কোন কাজও করে আমার খুবই ভালো লাগে৷ আপনাকে অভিনন্দন৷ আশা করি উইন্ডোজ আবার ব্যবহার করলে আপনার সফটওয়্যার ব্যবহার করে দেখব৷
বেশ ভাল লাগলো৷ ভবিষ্যতে কি MS Office সাপোর্ট দেয়ার ইচ্ছা আছে?
ইচ্ছে আছে যদি গুগলে সার্চ করে এ সংক্রান্ত সহজ কোন কোড এবং তার টিউটোরিয়াল পাই৷ বুঝতেই পারছেন আমার প্রোগ্রামিং-এ আমার দক্ষতা৷
দারুণ একটি টুল ... আপনাকে অসংখ্য ধন্যবাদ৷ সমালোচনা করার মত তেমন কিছু পেলাম না, তবে ডেস্কটপে অবস্থিত কোন ফাইল বা ফোল্ডার প্রদর্শন করে না৷ ডেস্কটপের ডিরেক্টরিতে গেলে হয়তো প্রদর্শন করবে কিন্তু সরাসরি ডেস্কটপ থেকে দেখানোর ব্যবস্থা করা যায় না?
আরেকটি সুবিধা যোগ করা যায় ... ড্র্যাগ-ড্রপের মাধ্যমে ফোল্ডার নির্বাচন করা৷ সম্ভব হলে ভেবে দেখবেন৷
ধন্যবাদ৷ আশা করছি দুটি অপশনই যোগ করা সম্ভব হবে৷ পরবর্তী সংস্করণে যোগ করার চেষ্টা করব৷