নিষ্ক্রিয় করে রাখুন টাস্ক ম্যানেজার

বিষয় - সাধারণ রেজিস্ট্রি টিপস (নিষ্ক্রিয়, ডিজ্যাবল, টাস্ক ম্যানেজার, উইন্ডোজ, রেজিস্ট্রি)

প্রকাশের তারিখ - ২১ ফেব্রুয়ারি ২০০৮

   

উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য টাস্ক ম্যানেজার অনেক দিক থেকেই আশীর্বাদ স্বরূপ৷ কোন নির্দিষ্ট সময়ে কি কি প্রোগ্রাম চলছে, কোন অনাকাঙ্খিত প্রোগ্রাম চলছে কি না, কতটুকু মেমরী খরচ হচ্ছে প্রভৃতি দেখার সুবিধার পাশাপাশি কোন প্রোগ্রাম হ্যাং করলে সেটাকে জোরপূর্বক বন্ধ করে দেওয়ার ক্ষেত্রে টাস্ক ম্যানেজার ছাড়া বিকল্প কোন উপায় থাকে না৷ তাহলে টাস্ক ম্যানেজার ডিজ্যাবল করার এই উপায়টা শেখার কি কোন দরকার আছে? আছে বই কি! কারণ নিজের জন্য না হলেও অন্যকে নিয়ন্ত্রণ করার জন্য অথবা অন্যের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হওয়ার জন্য এই পদ্ধতিটা কাজে লাগতে পারে৷

রেজিস্ট্রি এডিটর থেকে খুব সহজেই টাস্ক ম্যানেজারকে ডিজ্যাবল করে দেওয়া যায়৷ এরজন্য প্রথমে Start > Run এ গিয়ে REGEDIT টাইপ করে এন্টার দিয়ে রেজিস্ট্রি এডিটর ওপেন করুন৷ এরপর রেজিস্ট্রি এডিটর থেকে HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System ওপেন করুন৷ এখানে ডান পার্শ্বস্থ প্যানেলে DisableTaskMgr নামে নতুন একটি DWORD ভ্যালু (REG_DWORD) তৈরি করে এর মান 1 দিন৷ এবার এডিটর বন্ধ করে ফিরে এসে কন্ট্রোল + অল্টার + ডিলিট প্রেস করে দেখুন টাস্ক ম্যানেজার আর চালু হচ্ছে না৷

টাস্ক ম্যানেজার বন্ধ করার আরো কয়েকটি উপায় আছে যেগুলোতে মূলত কন্ট্রোল + অল্টার + ডিলিট কম্বিনেশনটা লক করে দেওয়া হয়৷ এরফলে এই কম্বিনেশনের মাধ্যমে টাস্ক ম্যানেজার চালু করা না গেলেও অন্য কোন উপায়ে (যেমন টাস্কবার থেকে বা রান কমান্ড থেকে) তা চালু করা যায়৷ কিন্তু এখানে বর্ণিত পদ্ধতি প্রয়োগ করলে এটা আর কোন ভাবেই চালু করা যাবে না৷


শীঘ্রই এই প্রবন্ধটি বিস্তারিত বিবরণ এবং স্ক্রীণশট সহ ডাউনলোড উপযোগী পিডিএফ ফরম্যাটে পাওয়া যাবে


   

মন্তব্যসমূহ (04)

এই প্রবন্ধটি সম্পর্কে আপনার যেকোন মতামত অথবা প্রশ্ন থাকলে নির্দ্বিধায় তা ইমেইল করে জানান৷ যথাশীঘ্র সম্ভব আপনার ইমেইলের উত্তর দেওয়া হবে এবং তা এখানে সংযোজন করা হবে৷

   

জানতে ইচ্ছে হচ্ছে

মন্তব্য করেছেন - রুদ্র ; মন্তব্য করা হয়েছে - বিজ্ঞানী ডট অরগে

ত্বোহা ভাই,
লেখা পড়ে ভালো লেগেছে৷ আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে যে আপনি কেন বন্ধ করার পিছনে লেগেছেন? কখনও বন্ধ করেছন ফোল্ডার অপশন, কখনও ডেস্কটপ৷ এ রকম আরো আছে আপনার লেখাতে৷ এবার দেখলাম টাস্ক ম্যানেজার বন্ধ করতে৷ কারণ টা কি জানতে ইচ্ছে হচ্ছে৷

   

প্রতিঃ জানতে ইচ্ছে হচ্ছে

উত্তর দিয়েছেন - মোজাম্মেল হোসেন ত্বোহা

রুদ্র ভাই,
আসলে আমি যে সাইবার ক্যাফেগুলো থেকে ইন্টারনেট ইউজ করি, সেগুলোতে বিভিন্ন ফিচার রেজিস্ট্রি এডিটর থেকে ব্লক করে রাখা হয়৷ তাই সেগুলো কিভাবে ব্লক করা হয় সেটা জানা আমার জন্য খুবই জরুরী হয়ে পড়ে৷ কারণ ব্লক করার নিয়ম জানা থাকলে তা আনব্লক করতে সুবিধা হয়৷

   

টিপসগুলো জরুরী তবে ...

মন্তব্য করেছেন - শাহ আলম ; মন্তব্য করা হয়েছে - বিজ্ঞানী ডট অরগে

ত্বোহা ভাই সালাম নিবেন৷
আপনার টিপসগুলো আমার জন্য খুবই জরুরী৷ কিন্তু সমস্যা হলো আবার পূর্বাবস্থায় ফিরে যাওয়ার পদ্ধতি না জানা থাকলে তো কখনো কখনো বিপদে পড়তে হবে৷

   

প্রতিঃ টিপসগুলো জরুরী তবে ...

উত্তর দিয়েছেন - মোজাম্মেল হোসেন ত্বোহা

শাহ আলম ভাই,
বেশিরভাগ রেজিস্ট্রি ব্লকের পূর্বাবস্থায় ফিরে যাওয়ার জন্য একই পদ্ধতিতে শুধু ভ্যালুটাকে পরিবর্তন করে দিতে হয় অর্থাত্‍ একের পরিবর্তে শূণ্য বসিয়ে দিতে হয়৷ যেগুলোর পদ্ধতি অন্যরকম সেগুলোর ক্ষেত্রে পদ্ধতিটা আমি উল্লেখ করে দেওয়ার চেষ্টা করব৷ তারপরেও যদি কোন বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে মন্তব্যের ঘরে তা জানানোর অনুরোধ তো রইলই৷