বিষয় - বিশেষ উপকারী রেজিস্ট্রি টিপস (হ্যাং, রিস্টার্ট, টাস্ক, ম্যানেজার)
প্রকাশের তারিখ - ২১ ফেব্রুয়ারি ২০০৮
কোন প্রোগ্রাম হ্যাং হয়ে গেলে আমরা সাধারণত কন্ট্রোল+অল্টার+ডিলিট চেপে টাস্ক ম্যানেজারে গিয়ে সেখান থেকে প্রোগ্রামটার টাস্ক এন্ড করে দেই৷ কিন্তু মাঝে মাঝে কিছুকিছু প্রোগ্রাম এমভাবে হ্যাং হয় যে তখন টাস্ক ম্যানেজারও আর কাজ করে না৷ অর্থাত্ সেই প্রোগ্রামটার সাথে সাথে উইন্ডোজও হ্যাং হয়ে যায়৷ তখন কম্পিউটার রিস্টার্ট করা ছাড়া আর কোন উপায় থাকে না৷ কিন্তু আপনি যদি আগে থেকেই এমন কোন ব্যবস্থা করে রাখেন যে, কোন প্রোগ্রাম হ্যাং হওয়ামাত্রই সেটা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে, তাহলে উইন্ডোজ হ্যাং হওয়ার কোন সম্ভাবনা থাকবে না এবং আপনিও অনাকাঙ্খিত রিস্টার্ট থেকে মুক্ত হতে পারবেন৷
রেজিস্ট্রি এডিটর থেকে খুব সহজেই আপনি এই কাজটা করতে পারেন৷ এরজন্য প্রথমে Start > Run এ গিয়ে REGEDIT টাইপ করে এন্টার দিয়ে রেজিস্ট্রি এডিটর ওপেন করুন৷ এরপর রেজিস্ট্রি এডিটর থেকে HKEY_CURRENT_USER\Control Panel\Desktop ওপেন করুন৷ এখানে ডান পার্শ্বস্থ প্যানেল থেকে AutoEndTasks স্ট্রিংটি ওপেন করে এর ডিফল্ট ভ্যালু 0 কে পরিবর্তন করে 1 লিখে দিন৷ এবার এডিটর বন্ধ করে কম্পিউটার রিস্টার্ট করুন৷
রিস্টার্ট হওয়ার পর অ্যাডবি ফটোশপ জাতীয় দশ-বারোটা ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রোগ্রাম এক সাথে চালু করে কী-বোর্ড মাউজ সব একসাথে উল্টাপাল্টা টেপাটেপি করতে থাকুন৷ এর ফলে একটা না হয় একটা প্রোগ্রামতো হ্যাং হবেই৷ কিন্তু কোন প্রোগ্রামটা হ্যাং হল সেটা বুঝার আগেই দেখবেন প্রোগ্রামটা একা একাই বন্ধ হয়ে গেছে৷
এই প্রবন্ধটি সম্পর্কে আপনার যেকোন মতামত অথবা প্রশ্ন থাকলে নির্দ্বিধায় তা ইমেইল করে জানান৷ যথাশীঘ্র সম্ভব আপনার ইমেইলের উত্তর দেওয়া হবে এবং তা এখানে সংযোজন করা হবে।