বিষয় - বিশেষ উপকারী টিপস (ফন্ট, সফটওয়্যার, প্রোগ্রাম, ইনস্টল, সেটআপ, প্যাকেজ)
প্রকাশের তারিখ - 14 মার্চ 2008
ফাইল ইনস্টলার কি?
কোন সফটওয়্যার ইনস্টল করার সময় আমরা একটিমাত্র সেটআপ ফাইল চালু করি৷ কিন্তু সফটওয়্যারটি ইনস্টল হওয়ার পরে দেখা যায় উইন্ডোজের Program Files ফোল্ডারের অধীনে কোন একটি ফোল্ডারে ঐ সফটওয়্যারটির জন্য একাধিক ফাইল-ফোল্ডার অবস্থান করছে (01)৷ বড় বড় সফটওয়্যারের ক্ষেত্রে যদিও সেটআপ ফাইলটির সাথে আরো অনেক ফাইল-ফোল্ডার দেওয়া থাকে, কিন্তু ছোট ছোট সফটওয়্যার, যাদের সাইজ 25-30 মেগাবাইটের চেয়ে বেশি নয়, তাদের ক্ষেত্রে অধিকাংশ সময়ই একটি মাত্র সেটাআপ ফাইল থাকে এবং ঐ একটিমাত্র ফাইল থেকেই প্রোগ্রাম ফাইলসে একাধিক ফাইল-ফোল্ডারের উত্পত্তি ঘটে৷ এই সেটআপ ফাইলটি, যেটি ক্লিক করার ফলে পুরো সফটওয়্যারটা ইনস্টল হয়, তাকেই ফাইল ইনস্টলার বলা যেতে পারে৷
উপরের আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার যে, এসব ক্ষেত্রে ইনস্টলার ফাইলগুলো মূলত অনেকগুলো ফাইল-ফোল্ডারকে সংকুচিত করে তৈরি করা হয়৷ যদিও সত্যিকার অর্থে ইনস্টলার ফাইল বিষয়টি অনেক ব্যাপক, সেখানে বিভিন্ন পাথে ফাইল-ফোল্ডার তৈরি করা সহ রেজিস্ট্রি সম্পাদনা এবং আরও অনেকগুলো বিষয় জড়িত থাকে, আপাতত আমাদের সেগুলো নিয়ে মাথা না ঘামালেও চলবে৷ প্রাথমিকভাবে আমাদের শুধু এমন একটা ফাইল ইনস্টলার হলেই চলবে, যেটা ক্লিক করলে একাধিক ফাইল কোন নির্দিষ্ট স্থানে কপি বা উন্মুক্ত হবে৷
ফাইল ইনস্টলার আপনি কি কি কাজে ব্যবহার করতে পারেন?
মনে করুন আপনি একটা সফটওয়্যার তৈরি করেছেন যেটা MyPro.exe, MyPro.chm, MyProReadMe.txt ফাইল তিনটির সমন্বয়ে গঠিত এবং সফটওয়্যারটিতে রেজিস্ট্রি সংক্রান্ত কোন ঝামেলা নেই৷ তাহলে আপনি ইচ্ছে করলে এই তিনটি ফাইলকে ভিন্ন ভিন্ন ভাবে বিতরণ না করে একটিমাত্র ইনস্টলার ফাইল হিসেবে বিতরণ করতে পারেন, যে ইনস্টলার ফাইলটি ক্লিক করলে উপরোক্ত ফাইল তিনটি প্রোগ্রাম ফাইলসে আপনার কাংখিত কোন একটি ফোল্ডারে স্থান লাভ করবে এবং মূল সফটওয়্যারটি অর্থাত্ MyPro.exe এর একটি শর্টকাট ডেস্কটপে, স্টার্টমেনুতে অথবা কুইক লাঞ্চে স্থান পাবে৷ ভিন্ন ভিন্ন ভাবে দেওয়ার পরিবর্তে এভাবে বিতরণ করলে ব্যবহারকারীর কাছে আপনার সফটওয়্যারের গ্রহণযোগ্যতা অনেক গুণ বৃদ্ধি পাবে৷
আপনি যদি একেবারেই সাধারণ ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে অবশ্য আপনার সফটওয়্যার তৈরি এবং সেটা বিতরণ করার সম্ভাবনা খুবই কম৷ তবে আপনি যত সাধারণ ব্যবহারকারীই হোন না কেন, আপনাকে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময় ফন্ট ইনস্টল করতে হতেই পারে৷ সেক্ষেত্রে আপনি যদি একটা ইনস্টলার তৈরি করে নেন, যেটা ক্লিক করলে আপনার প্রয়োজনীয় বেশ কিছু ফন্ট স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হয়ে যাবে, তাহলে আপনাকে আর কষ্ট করে প্রতিবার ফন্ট ইনস্টল করার জন্য Start Menu > Control Panel > Switch to Classic View > Fonts অথবা C:\WINDOWS\Fonts এ গিয়ে কপি পেস্ট করতে হবে না৷ ইনস্টলার ফাইলটি চালু করলেই সবগুলো ফন্টগুলো অটোমেটিক ইনস্টল হয়ে যাবে৷ এরফলে আপনার প্রতিবার ফন্ট ইনস্টলের সময় সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ নয়টি ক্লিক সাশ্রয় হবে (02)৷
ফাইল ইনস্টলার তৈরির আরেকটা উপকারিতা হল, এতে মূল ফাইল-ফোল্ডারগুলো সংকুচিত অবস্থায় থাকার কারণে এর সাইজ অনেক কম হয়৷ ফলে এটি স্বল্প ধারণ ক্ষমতা সম্পন্ন পোর্টেবল ডিভাইসে (যেমন ফ্ল্যাশ মেমরী) বা ইন্টারনেটের মাধ্যমেও খুব সহজে আদান-প্রদান করা যায়৷ এছাড়া এতে ফাইল-ফোল্ডারগুলো সুরক্ষিত থাকে৷ কোন একটি ফাইল হারিয়ে বা ভুলে ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে৷
ফাইল ইনস্টলার প্রোগ্রাম কিভাবে তৈরি করবেন?
মনে করুন আপনি অভ্র কী-বোর্ড 3.1 এর সাথে যে 12 টি ফন্ট পাওয়া যায়, সেগুলোর জন্য একটি ইনস্টলার ফাইল তৈরি করতে চাচ্ছেন৷ ইন্টারনেটে এই কাজের জন্য অনেক সফটওয়্যার পাওয়া যেতে পারে৷ তবে সেগুলোর অধিকাংশই হবে ডেমো অথবা ট্রায়াল ভার্সন৷ তাই এর জন্য আপনি উইনরার (WinRAR) সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন৷ আশা করি আর্কাইভার এবং কম্প্রেসার হিসেবে ব্যবহৃত অত্যন্ত জনপ্রিয় এ সফটওয়্যারটি আপনার কম্পিউটারে আগে থেকেই ইনস্টল করা আছে (03)৷
উইনরার (WinRAR) সফটওয়্যারটি ব্যবহার করে ফন্ট ইনস্টলার তৈরি করার জন্য প্রথমেই ফন্টগুলো সিলেক্ট করে রাইট ক্লিক মেনু থেকে Add to archive এ ক্লিক করুন৷ এরফলে Archive name and parameters নামে যে ডায়ালগ বক্সটি আসবে, তার General ট্যাবে Archiving options থেকে Create SFX archive চেকবক্সটিতে ক্লিক করুন৷ এবার Advanced ট্যাবে ক্লিক করে SFX options বাটনে ক্লিক করুন৷ এরফলে Advanced SFX options নামে যে সাব ডায়ালগ বক্সটি প্রদর্শিত হবে, তার General ট্যাবে Path to extract টেক্সটবক্সে %SystemRoot%\Fonts টাইপ করে পরপর দুবার OK বাটনে ক্লিক করে মূল উইন্ডোতে ফিরে আসুন (04)৷
মনে করুন ফন্টগুলো যে ফোল্ডারে অবস্থিত তার নাম Avro3.1Fonts৷ তাহলে উক্ত ফোল্ডারে Avro3.1Fonts.exe নামে একটি নতুন ফাইল তৈরি হবে৷ এটাই ফন্টগুলোর ইনস্টলার৷ আপনি যে কম্পিউটারে ফন্টগুলো ইনস্টল করতে চান, সেই কম্পিউটারে গিয়ে শুধু এই সদ্যসৃষ্ট Avro3.1Fonts.exe ফাইলটির উপর ডাবল ক্লিক করলেই ফন্টগুলো স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হয়ে যাবে৷
আপনি যদি মূল ফন্টগুলোর সাইজ আর ইনস্টলার ফাইলটির সাইজের দিকে লক্ষ করেন তাহলেই এই পদ্ধতির একটা সার্থকতা খুঁজে পাবেন৷ এখানে মূল ফন্টগুলোর সাইজ 3.55 মেগাবাইট৷ আর ইনস্টলার ফাইলটির সাইজ মাত্র 1.65 মেগাবাইট৷ আপনি ইচ্ছে করলে এই সাইজ আরো কমাতে পারেন৷ এরজন্য Archive name and parameters ডায়ালগ বক্সের General ট্যাবের Compression method ড্রপ ডাউন লিস্ট বক্স থেকে Best অপশনটি সিলেক্ট করুন৷ অভ্র ফন্টগুলোর ক্ষেত্রে এবার ইনস্টলার ফাইলটির সাইজ হবে 1.33 মেগাবাইট৷
পাঠ সহায়িকা
(01) ইনস্টল করা সফটওয়্যারের
সোর্স ফাইলগুলো দেখার পদ্ধতি - কোন সফটওয়্যার ইনস্টল করার পর তার
সোর্স ফাইলগুলো কোথায় আছে সেটা আপনি জানতে পারেন ডেস্কটপ অথবা স্টার্ট মেনু
থেকে সফটওয়্যারটির শর্টকাট আইকনের উপর রাইট ক্লিক করে সেখান থেকে
Properties > Shortcut > Find Target এর উপর ক্লিক করে৷
(02) ফন্ট ইনস্টল করার একটা বিকল্প সহজ
পদ্ধতি - ফন্ট ইনস্টল করার একটা বিকল্প সহজ পদ্ধতি অবশ্য আমি আমার
ফন্ট ইনস্টল করার একটি সহজ বিকল্প
পদ্ধতি শীর্ষক প্রবন্ধে বর্ণনা করেছি৷ সেই পদ্ধতির প্রস্তুতি অবশ্য এটার চেয়ে অনেক সহজ৷ কিন্তু এই
পদ্ধতি অনেক বেশি অ্যাডভান্সড এবং ব্যবহার করা বেশি সহজ৷
(03) উইনরারের ডাউন লিংক - উইনরার সফটওয়্যারটি আপনি ডাউনলোড করতে পারেন এর নিজস্ব ওয়েবসাইট
http://www.rarlab.com/ থেকে৷
(04) উইন্ডোজের পাথ সিস্টেমের
ব্যাখা - %SystemRoot% দিয়ে মূলত উইন্ডোজ ফোল্ডারটিকে বুঝানো হয়েছে৷ আপনার
উইন্ডোজ যদি C: ড্রাইভে ইনস্টল করা হয়ে থাকে, তাহলে এর প্রকৃত ঠিকানা হচ্ছে
C:\WINDOWS৷ আপনি ইচ্ছে করলে %SystemRoot%\Fonts এর পরিবর্তে
C:\WINDOWS\Fonts ও লিখতে পারেন৷ তবে সেক্ষেত্রে এটা শুধু
C: ড্রাইভে
উইন্ডোজ ইনস্টল করা আছে এমন কম্পিউটারেই কাজ করবে৷ যদি অন্য কোন ড্রাইভে
যেমন D: তে উইন্ডোজ ইনস্টল করা থাকে, তবে এটি C: ড্রাইভে
WINDOWS নামে একটি
ফোল্ডার তৈরি করে তার ভেতরে Fonts নামে আরেকটি ফোল্ডার তৈরি করে তাতে
ফন্টগুলো কপি করবে৷
এ বিষয়ের উপর আরো কিছু প্রবন্ধ পড়ুন এখান থেকে -
উইন রার দিয়ে তৈরি করুন ফাইল ইনস্টলার প্রোগ্রাম - দ্বিতীয় পর্ব
ফন্ট ইনস্টল করার একটি সহজ বিকল্প
পদ্ধতি
এই প্রবন্ধটি সম্পর্কে আপনার যেকোন মতামত অথবা প্রশ্ন থাকলে নির্দ্বিধায় তা ইমেইল করে জানান৷ যথাশীঘ্র সম্ভব আপনার ইমেইলের উত্তর দেওয়া হবে এবং তা এখানে সংযোজন করা হবে৷