বিষয় - বিশেষ উপকারী টিপস (কী-বোর্ড, শর্টকাট, ফাইল, ফোল্ডার, সফটওয়্যার, রান, ওপেন, চালানো, চালু করা)
প্রকাশের তারিখ - 21 ফেব্রুয়ারি 2008
উইন্ডোজ অপারেটিং সিস্টেমে খুব সহজেই যেকোন ফাইল-ফোল্ডার বা প্রোগ্রাম চালু করার জন্য শর্টকাট কী নির্দিষ্ট করে দেওয়া যায়৷ কম্পিউটারে রক্ষিত হাজার হাজার ফাইল-ফোল্ডারের মধ্য থেকে অতি-প্রয়োজনীয় ফাইল-ফোল্ডারগুলোকে মুহূর্তের মধ্যেই চালু করার ক্ষেত্রে এই পদ্ধতি বেশ সহায়ক হতে পারে৷ এই পদ্ধতিতে যেহেতু CTRL+ALT+KEY, CTRL+SHIFT+KEY এবং ALT+SHIFT+KEY তিনভাবেই শর্টকাট কী অ্যাসাইন করা যায় এবং কী হিসেবে অক্ষর এবং সংখ্যাসহ কী-বোর্ডের প্রায় সবগুলো কী-ই ব্যবহার করা যায়, কাজেই এর মাধ্যমে দুই থেকে আড়াইশো শর্টকাট কী অ্যাসাইন করা সম্ভব৷
আপনি যদি কোন প্রোগ্রামের জন্য শর্টকাট কী অ্যাসাইন করতে চান, তবে সেই প্রোগ্রামটিকে অবশ্যই স্টার্ট মেনুতে অথবা ডেস্কটপে শর্টকাট আইকন হিসেবে থাকতে হবে৷ আর যদি কোন ফাইল বা ফোল্ডারের জন্য শর্টকাট কী নির্ধারণ করতে চান, তাহলে যেহেতু তারা স্টার্ট মেনুতে থাকে না, তাই তাদেরকে অবশ্যই ডেস্কটপেই (শর্টকাট হিসেবে) থাকতে হবে৷
মনে করুন, আপনি মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি চালু করার জন্য CTRL+SHIFT+W কী কম্বিনেশনটি নির্ধারণ করতে চাইছেন৷ তাহলে প্রথমে স্টার্ট মেনু থেকে অথবা যদি ডেস্কটপে থাকে তাহলে সেখান থেকে এমএস ওয়ার্ডের শর্টকাট আইকনের উপর রাইট ক্লিক করে প্রাপ্ত মেনু থেকে Properties সিলেক্ট করুন৷ এখানে Shortcut ট্যাবের Shortcut Key: টেক্সট বক্সটির উপর ক্লিক করে একসাথে CTRL+SHIFT+W কী গুলো প্রেস করুন৷ এরপর OK বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন৷ এরপর থেকে আপনার যখনই এমএস ওয়ার্ড চালু করার প্রয়োজন হবে, তখন শুধু CTRL+SHIFT+W প্রেস করলেই তা চালু হয়ে যাবে৷
এ পদ্ধতির একটা ছোট সমস্যা হল, এতে কোন ফাইল-ফোল্ডারের জন্য শর্টকাট কী অ্যাসাইন করতে চাইলে তাকে ডেস্কটপে থাকতে হয়৷ এখন যদি প্রতিনিয়তই প্রয়োজন হয় এমন একশটি ফাইল-ফোল্ডারের জন্য আপনি শর্টকাট কী অ্যাসাইন করতে চান, তাহলে? আপনি নিশ্চয়ই এতগুলো আইটেমকে একসাথে ডেস্কটপে রাখতে পছন্দ করবেন না? সমস্যাটার সমাধান আপনি করতে পারেন এভাবে - প্রাথমিকভাবে যে ফাইলগুলো প্রয়োজন, সেগুলোকে ডেস্কটপে শর্টকাট হিসেবে কপি করে কী অ্যাসাইন করে দিয়ে এরপর শর্টকাটগুলোকে হিডেন করে দিন৷ কিন্তু সাবধান, ডিলিট করবেন না৷ তা হলে আর শর্টকাট কী কম্বিনেশন কাজ করবে না৷
এই প্রবন্ধটি সম্পর্কে আপনার যেকোন মতামত অথবা প্রশ্ন থাকলে নির্দ্বিধায় তা ইমেইল করে জানান৷ যথাশীঘ্র সম্ভব আপনার ইমেইলের উত্তর দেওয়া হবে এবং তা এখানে সংযোজন করা হবে৷