বিষয় - বিশেষ উপকারী টিপস (ফন্ট, ইনস্টল, কপি)
প্রকাশের তারিখ - 9 মার্চ 2008
আপনি নিশ্চয়ই লক্ষ করেছেন যে, উইন্ডোজের স্বাভাবিক নিয়মে ফন্ট ইনস্টল করার প্রক্রিয়াটি বেশ বিরক্তিকর৷ রাইট ক্লিক করে কোন নির্দিষ্ট ফন্ট কপি করা থেকে শুরু করে উইন্ডোজের ফন্ট ফোল্ডারে গিয়ে তা পেস্ট করা পর্যন্ত আপনাকে কম্পিউটারের সেটিংসের উপর নির্ভর করে সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি পর্যন্ত মাউজ ক্লিক করতে হতে পারে৷ আপনাকে যদি সাইবার ক্যাফে, অফিস, ভার্সিটি ল্যাব অথবা অন্য কোথাও প্রতিনিয়তই আপনার পছন্দের ফন্ট ইনস্টল করতে হয়ে থাকে, তাহলে আপনি নিশ্চয়ই এর বিকল্প কোন সহজ পদ্ধতি জানার জন্য উদগ্রীব হয়ে আছেন? চিন্তার কোন কারণ নেই৷ নিচের পদ্ধতি অনুসরণ করে আপনি মাত্র এক ক্লিকেই এক বা একাধিক ফন্ট ইনস্টল করে ফেলতে পারবেন৷
প্রথমেই যে ফন্ট বা ফন্টগুলো আপনাকে বারবার বিভিন্ন কম্পিউটারে ইনস্টল করতে হয়, সেগুলোকে আপনার ফ্ল্যাশ ড্রাইভে (অথবা ফ্লপি ড্রাইভে বা শেয়ার্ড ফোল্ডারে) কপি করুন৷ এবার ফন্টগুলো যেখানে আছে (ফ্ল্যাশ ড্রাইভ বা ... ) সেখানে কনটেক্সট মেনু (শর্টকাট মেনু বা রাইটক্লিক মেনু) থেকে New > Shortcut সিলেক্ট করুন৷ এর ফলে Create Shortcut নামে একটি উইজার্ড প্রদর্শিত হবে৷ এখানে Type the location of the item টেক্সটবক্সে %SystemRoot%\Fonts টাইপ করে প্রথমে Next এবং পরে Finish বাটনে ক্লিক করুন৷ এরফলে উক্ত ফোল্ডারে বা ফ্ল্যাশ ড্রাইভে ফন্টগুলোর পাশেই উইন্ডোজের Font ফোল্ডারটির একটি শর্টকাট তৈরি হবে৷ এবার যেকোন কম্পিউটারে গিয়ে ফন্টগুলোকে ড্র্যাগ করে (মাউজ চেপে ধরে টেনে এনে) শর্টকাট আইকনটির উপর ছেড়ে দিলেই ফন্টগুলো ঐ কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে৷
আপনি অবশ্য শর্টকাট তৈরির জন্য এতো ঝামেলায় না গিয়ে সরাসরি উইন্ডোজের ফন্ট ফোল্ডারটা কপি করে সেটাকে রাইটক্লিক মেনু থেকে শর্টকাট হিসেবে পেস্ট করতে পারেন৷ কিন্তু সেক্ষেত্রে আপনার উইন্ডোজ যদি C: ড্রাইভে ইনস্টল করা থাকে, তাহলে এই পদ্ধতি শুধুমাত্র ঐসকল কম্পিউটারের ক্ষেত্রেই কাজ করবে, যাদের উইন্ডোজ আপনার মতো C: ড্রাইভে ইনস্টল করা হয়েছে৷ আপনি যদি ড্রাইভে নির্বিশেষে সকল কম্পিউটারেই এটাকে কার্যকর দেখতে চান, তাহলে আপনাকে উপরোক্ত পদ্ধতিতেই শর্টকাট তৈরি করতে হবে৷
একবার ফন্ট ফোল্ডারটির শর্টকাট আইকন তৈরি হয়ে গেলে আপনি সেটাকে ইচ্ছে করলে কন্ট্রোল প্যানেলের ফন্ট আইটেমটির মতো চেহারাও দিতে পারেন৷ এরজন্য শর্টকাট আইকনটির উপর রাইটক্লিক করে Properties সিলেক্ট করুন৷ এবার প্রপার্টিজ বক্স থেকে Change Icon বাটনের উপর ক্লিক করে প্রাপ্ত Change Icon ডায়ালগ বক্সের Look for icon in this file টেক্সটবক্সে %SystemRoot%\system32\main.cpl টাইপ করে (শুধু main.cpl লিখলেও হবে) এন্টার দিন অথবা Browse বাটনে ক্লিক করে System32 ফোল্ডার থেকে main.cpl ফাইলটি ওপেন করুন৷ এখানে যে আইকনগুলো প্রদর্শিত হবে, তার মধ্যেই কন্ট্রোল প্যানেলের ফন্ট আইকনটি দেখতে পাবেন৷ সেটা সিলেক্ট করে পরপর দুবার OK বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন৷
এই প্রবন্ধটি সম্পর্কে আপনার যেকোন মতামত অথবা প্রশ্ন থাকলে নির্দ্বিধায় তা ইমেইল করে জানান৷ যথাশীঘ্র সম্ভব আপনার ইমেইলের উত্তর দেওয়া হবে এবং তা এখানে সংযোজন করা হবে৷