বিষয় - বিশেষ উপকারী টিপস (ওয়েবসাইট, ওয়েবপেজ, ওয়েব ডেভেলপিং, ল্যাঙ্গুয়েজ, এইচটিএমএল)
প্রকাশের তারিখ - 27 ফেব্রুয়ারি 2008
যে বিষয়টাকে বাদ দিলে ইন্টারনেটের কোন অস্তিত্বই থাকে না, তা হচ্ছে ওয়েব পেজ৷ আর এ ওয়েব পেজ সংক্রান্ত যেকোন কাজ করতে গেলে প্রথমেই আপনাকে যে বিষয়টি জানতে হবে তা হল html৷ আপনি যদি প্রফেশনাল ওয়েব ডিজাইনার নাও হতে চান, তবুও ব্যক্তিগত ওয়েব সাইট তৈরির জন্যে হলেও আপনার html জানা খুবই প্রয়োজন৷ আপনি যদি মনে করেন যে ওয়ার্ডে ডাটা টাইপ করে ছবি ইনসার্ট করে ওয়েব পেজ হিসেবে সেভ করলেই তো হয়ে গেল, বাড়তি কোন ল্যাঙ্গুয়েজ শেখার কি দরকার, তাহলে ভুল করবেন৷ সত্যিকার অর্থেই আপনি যখন ওয়েব সাইট তৈরি বা সম্পাদনা করতে যাবেন তখন নিজেই বুঝবেন যে অনেক খুঁটিনাটি কাজ আছে যেগুলো শুধু ওয়ার্ড দিয়ে করা যায় না, তার জন্য html জানার দরকার হয়৷
তবে html এর প্রয়োজনীয়তা অনুভব করে আপনি যদি তা শেখার জন্য কোন কোর্সে ভর্তি হয়ে যান তাহলে সম্ভবত আরেকটি ভুল করবেন৷ কারণ ব্যক্তিগত কাজের জন্য কোর্স করে html শেখার দরকার হয় না৷ html কি এবং এটা কোথায় ও কিভাবে ব্যবহার করতে হয় এই বেসিক ধারণাটুকু থাকলে এটা নিজে নিজেই শেখা যায়৷
অনেকেই html শেখার জন্য এবং এর গঠন প্রকৃতি বোঝার জন্য ওয়েব পেজ গুলোর সোর্স দেখে সেগুলো বোঝার চেষ্টা করে থাকেন৷ যদিও এটা html শেখার একটা পদ্ধতি, কিন্তু এটা তখনই কাজে লাগে যখন html সম্পর্কে ব্যবহারকারীর যথেষ্ট জ্ঞান থাকে৷ ব্যবহারকারী যদি একেবারেই নতুন হয়, তাহলে খুবই সিম্পল সোর্স না হলে তা দেখে ঘাবড়ে যাওয়া ছাড়া তার আর কোন উপায় থাকবে না৷
নিজে নিজে html শেখার সবচেয়ে সহজ পদ্ধতি হল মাইক্রেসফট ফ্রন্টপেজ ব্যবহার করা৷ ফ্রন্টপেজ চালু করলে এর মূল উইন্ডোর নিচে বাম দিকে আপনি চারটি ট্যাব দেখতে পাবেন৷ এরমধ্যে Split ট্যাবের উপর ক্লিক করলে মূল উইন্ডোটি দুইভাগে বিভক্ত হয়ে যাবে৷ নিচের অংশটা হবে ডিজাইন এডিটর যেখানে আপনি আপনার ওয়েব পেজটা ডিজাইন করবেন৷ আর উপরের অংশটা হবে কোড ইউন্ডো যেখানে তাত্ক্ষণিকভাবে html কোডগুলো প্রদর্শিত হতে থাকবে৷
ডিজাইন উইন্ডোতে যেকোন রকম পরিবর্তন করার সাথে সাথেই কোড উইন্ডোতে সে সংশ্লিষ্ট কোড পরিবর্তিত হয়ে যাবে৷ আর এ থেকেই একেবারে নতুন ব্যবহারকারীও বুঝতে পারবে কোন ধরনের পরিবর্তনের জন্য কোন কোড ব্যবহার করতে হবে৷ যেমন মনে করুন আপনি ডিজাইন এডিটরে লিখলেন My name is Toha৷ কোড উইন্ডোতে এটি দেখা যাবে এভাবে - <p>My name is Toha</p>৷ এখন আপনি যদি ডিজাইন এডিটরে Toha শব্দটিকে গাঢ় করে দেন, তাহলে কোড পরিবর্তিত হয়ে <p>My name is <b>Toha</b></p> হয়ে যাবে৷ অর্থাত্ আপনি খুব সহজেই এটা শিখে গেলেন যে কোন শব্দকে বোল্ড করতে হলে তার দুপাশে <b> এবং </b> ট্যাগ ব্যবহার করতে হবে৷
এই পদ্ধতি অনুসরণ করে আপনি খুব সহজেই html শিখে ফেলতে পারবেন কারো সাহায্য ছাড়াই সম্পূর্ণ নিজে নিজে৷ আর এ পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হল, আপনাকে ম্যানুয়ালি কিছু শিখতে হচ্ছে না৷ যখন যেটা দরকার হচ্ছে সেটা ভিজুয়্যালি শিখে নিতে পারছেন৷ এ যেন এক ইন্টারঅ্যাকটিভ html রেফারেন্স৷
এই প্রবন্ধটি সম্পর্কে আপনার যেকোন মতামত অথবা প্রশ্ন থাকলে নির্দ্বিধায় তা ইমেইল করে জানান৷ যথাশীঘ্র সম্ভব আপনার ইমেইলের উত্তর দেওয়া হবে এবং তা এখানে সংযোজন করা হবে৷
প্রবন্ধটি আমার জন্য অত্যন্ত জরুরী৷ সম্পূর্ণ প্রবন্ধটির অপেক্ষায় রইলাম৷ আমার খুবই আশা বাংলায় নিজের একটি Website বানানোর৷ আপনার সাহায্য কামনা করছি৷ আমাকে কি FrontPage সফটওয়্যারটি দেওয়া যাবে? আমার Computer এ FrontPage নেই৷
ফ্রন্টপেজ সফটওয়্যারটি মূলত মাইক্রোসফট অফিসের সিডিতে ওয়ার্ড, এক্সেল সহ অন্যান্য সফটওয়্যারের সাথে থাকে৷ আর মাইক্রোসফট অফিসের সিডি তো খুবই সহজলভ্য৷ আপনি একটা সিডি সংগ্রহ করে এটা ইনস্টল করে নিতে পারেন৷
আমি নিজেও অবশ্য আপলোড করতে পারতাম, কিন্তু এই মুহূর্তে আমার কাছে সিডিটা নেই৷ তাছাড়া সফটওয়্যারটির সাইজ এত বেশি যে এটা আমার পক্ষে আপলোড করা সম্ভব হবে কি না সে ব্যাপারে আমার সন্দেহ আছে৷
আপনার বাংলায় ওয়েবসাইট তৈরির ইচ্ছে আছে শুনে খুশি হলাম৷ ফ্রন্টপেজ সংগ্রহ করে ধীরে ধীরে কাজ শুরু করুন, অনেকগুলো ব্যাপার নিজেই বুঝতে পারবেন৷ এছাড়া www.biggani.org এবং www.caebd.com সাইটদুটোতে এ বিষয়ে কিছু টিউটোরিয়াল আছে, সেগুলো দেখতে পারেন৷ আমার নিজেরও এ বিষয়ে আরো বিস্তারিত লেখার ইচ্ছে আছে৷