অফলাইন ব্রাউজিং টিপস - সাশ্রয় করুন অর্থ, সময় ও মেমরী - প্রথম পর্ব

বিষয় - বিশেষ উপকারী টিপস (ওয়েবসাইট, ওয়েবপেজ, ব্রাউজ, ভিজিট, অফলাইন)

প্রকাশের তারিখ - 14 মার্চ 2008

   

মনে করুন আপনি ইন্টারনেটে প্রথম আলোর কম্পিউটার প্রতিদিন বিভাগটি (01) খুবই পছন্দ করেন৷ কিন্তু আপনি সপ্তাহে মাত্র একদিন সাইবার ক্যাফেতে গিয়ে ইন্টারনেট ব্যবহার করেন এবং প্রয়োজনীয় ফাইলগুলো ডাউনলোড করে ঘরে এনে পুরো সপ্তাহ ধরে অফলাইনে ব্যবহার করেন৷ এখন আপনি যদি কম্পিউটার প্রতিদিন বিভাগটির প্রতিটি সংখ্যা পড়তে চান তাহলে আপনাকে আর্কাইভ থেকে পুরানো সংখ্যাগুলো খুঁজে বের করে সেগুলো সেভ করে ঘরে এনে বসে বসে পড়তে হবে৷ যেহেতু আর্কাইভ থেকে পেজ ডাউনলোড করার ক্ষেত্রে বেশিরভাগ অফলাইন ব্রাউজিং সফটওয়্যারই ব্যর্থতার পরিচয় দেয়, তাই এই কাজটি আপনাকে ম্যানুয়ালিই করতে হবে৷

কিন্তু এভাবে সাতটা ফাইল ম্যানুয়ালি সেভ করাটা অনেক দিক দিয়েই বিড়ম্বনাপূর্ণ৷ প্রথমত, প্রথম আলোর একেকটা ফাইল সেভ হতে প্রচুর সময় নেয়৷ যেখানে প্রতিটা মুহূর্ত মূল্যবান সেখানে এই সময়টুকু মোটেই কম নয়৷ দ্বিতীয়ত, একেকটা ফাইল সেভ হওয়ার পর কম্পিউটারে প্রায় 150-200 কিলোবাইট করে জায়গা দখল করে যার মধ্যে প্রায় 60-70 কিলোবাইট হয় মূল টেক্সট ফাইলের সাইজ এবং বাকি পুরোটা হয় ছবি, স্টাইলশিট (.css) এবং জাভাস্ক্রীপ্ট (.js) ফাইল যেগুলোর বেশির ভাগই প্রতিটা ফাইলের জন্য একই হয়৷ এই সাইজকে অবহেলা করার কোন যুক্তি নেই৷ কারণ ছোট বালুকার কণা বিন্দু বিন্দু জল ... আপনি যদি শুধু কম্পিউটার প্রতিদিনের প্রতিটা ফাইলে 100 কিলোবাইট মেমরীর অপ্রয়োজনীয় ব্যবহার রোধ করতে পারেন তাহলে এক বছরে আপনার সাশ্রয় হবে 35 মেগাবাইট৷

এই দুটো সমস্যা অবশ্য আপনি খুব সহজেই সমাধান করতে পারেন৷ এরজন্য আপনাকে ফাইলগুলো সেভ করার সময় সেভ ডায়ালগ বক্সের Save as type লিস্টবক্স থেকে Web Page, complete (*.htm;*.html) এর পরিবর্তে Web Page, HTML only (*.htm;*.html) করতে হবে৷ এরফলে ছবি বা আনুসঙ্গিক অন্যান্য ফাইল সেভ না হয়ে শুধুমাত্র টেক্সটগুলোই html ফাইল আকারে সেভ হবে৷ ফলে একদিকে যেমন আপনার মেমরীর সাশ্রয় হবে তেমনি অন্যদিকে ফাইলগুলো অত্যন্ত দ্রুতগতিতে সেভ হওয়ার কারণে সময়েরও সাশ্রয় হবে এবং ইন্টারনেটের বিলও কম উঠবে৷

কিন্তু এ পদ্ধতিতে কিছু সমস্যা দেখা দিতে পারে৷ প্রথমত, স্টাইলশিট ফাইলগুলো না আসার কারণে ফাইলটির কোন অংশ কোন ফন্টে কিভাবে প্রদর্শিত হবে সে বিষয়ে কোন তথ্য না থাকায় ফাইলটা হিজিবিজি টেক্সট আকারে প্রদর্শিত হতে পারে৷ প্রথম আলোর ক্ষেত্রে এই সমস্যাটা এতই প্রকট যে আপনার কম্পিউটারে যদি বংশী আল্পনা ফন্টটা ইনস্টল করা থাকে তবুও স্টাইলশিট ফাইলটা না থাকার কারণে আপনি html ফাইলগুলো পড়তে পারবেন না৷ দ্বিতীয়ত, ছবিগুলো না আসাতে ফাইলটাকে বিশ্রী দেখাতে পারে৷ মূলত এই সমস্যাগুলো সমাধান করার জন্যই এই প্রবন্ধটি৷

প্রথমেই আপনাকে জানতে হবে স্টাইলশিট ফাইলটির অবস্থান কোথায়৷ এরজন্য প্রথমে কম্পিউটার প্রতিদিনের একটি পাতা উপরে বর্ণিত নিয়ম অনুসারে শুধু html হিসেবে আপনার ডেস্কটপে সেভ করুন৷ এর নাম দিন simple৷ এরপর ফাইলটির সোর্স ওপেন করুন (02)৷ সোর্স ফাইলটির এডিট > ফাইন্ড কমান্ড থেকে .css লিখে সার্চ দিন এবং দেখুন স্টাইলশিট ফাইলটির অবস্থান রিলেটিভ পাথের কোন স্থানে৷

কম্পিউটার প্রতিদিনের ক্ষেত্রে এই অবস্থান হচ্ছে /css/stylesheet.css স্থানে অর্থাত্‍ বর্তমান ড্রাইভের অভ্যন্তরে css নামক ফোল্ডারের অভ্যন্তরে৷ এবার কম্পিউটার প্রতিদিনের একটি পাতা স্বাভাবিকভাবে অর্থাত্‍ Web Page, complete (*.htm;*.html) হিসেবে সেভ করুন৷ এর নাম দিন advanced৷ এবার advanced_files ফোল্ডার থেকে stylesheet.css নামক ফাইলটি কপি করে আপনার বর্তমান ড্রাইভে (এক্ষেত্রে রুট ড্রাইভ সি, যেহেতু আপনি ফাইলটি ডেস্কটপে সেভ করা হয়েছে) css নামে নতুন একটি ফোল্ডার তৈরি করে তাতে পেস্ট করুন৷ এবার প্রথমে সেভ করা simple নামক ফাইলটি চালু করে দেখুন তার লেখাগুলো সুন্দর পড়া যাচ্ছে৷ কিন্তু ফাইলটা দেখা যাচ্ছে খুবই বিশ্রী কারণ এর মধ্যে থাকা একটা ছবিও দেখা যাচ্ছে না৷

ছবির সমস্যা সমাধান করার জন্য simple নামক ফাইলটি চালু করে এর যে স্থানে প্রথম আলোর লগোটি থাকার কথা ছিল সেখানে (এই মুহূর্তে সেখানে একটি ক্রস চিহ্ন দেওয়া এবং Prothom-Alo লেখা) মাউজের রাইট ক্লিক করে প্রপার্টিজ সিলেক্ট করুন৷ প্রাপ্ত প্রপার্টিজ উইন্ডো থেকে লগোটির ঠিকানা লক্ষ করুন৷ এক্ষেত্রে ঠিকানাটি হচ্ছে file:///C:/imgs/palo_logo.gif৷ এবার পূর্বের মতো advanced_files ফোল্ডার থেকে logo.gif ফাইলটা কপি করে C:/ ড্রাইভে imgs নামে নতুন একটি ফোল্ডার তৈরি করে তাতে পেস্ট করুন৷ এবার অন্যান্য ছবিগুলোর প্রপার্টিজ লক্ষ করলে দেখতে পাবেন যে তাদের ঠিকানাও একই৷ কাজেই advanced_files ফোল্ডারের ভেতর থেকে সবগুলো ছবি কপি করে সদ্য তৈরি করা C:/imgs ফোল্ডারে পেস্ট করে দিন৷

এবার simple ফাইলটি ওপেন করে দেখুন ম্যাজিক কাকে বলে! এটাকে প্রায় হুবহু advanced ফাইলটির মতোই দেখাচ্ছে, তাই না! শুধু এই ফাইলটি কেন, এখন থেকে কম্পিউটার প্রতিদিনের যতগুলো ফাইল HTML only হিসেবে দ্রুত সেভ করবেন, তার সবগুলোই এই ভাবেই প্রদর্শিত হবে৷ সুতরাং আপনাকে আর কষ্ট করে প্রতিবার কমপ্লিট ওয়েব পেজ সেভ করতে হবে না, শুধু HTML ফাইলটা সেভ করেও আপনি কমপ্লিট ওয়েব পেজের মতোই সুবিধা পাবেন যদি একবার মাত্র প্রয়োজনীয় ফাইলগুলোকে জায়গা মতো সেভ করে রাখেন৷

উপরে যদিও শুধু প্রথম আলোর উদাহরণ দেওয়া হল, আশা করি আপনি এখন যেকোন সাইটের ওয়েব পেজ থেকেই এই সুবিধাটুকু আদায় করে নিতে পারবেন৷ আপনাকে শুধু সোর্স এবং প্রপার্টিজ থেকে তাদের স্টাইলশিট এবং ইমেজগুলোর অবস্থানটা জেনে নিয়ে ফাইলগুলোকে সেই অনুযায়ী স্থান দিতে হবে৷


পাঠ সহায়িকা


(01) কম্পিউটার প্রতিদিন - কম্পিউটার প্রতিদিন দৈনিক প্রথম আলোর কম্পিউটার বিষয়ক পাতা৷ প্রতিদিন এতে কম্পিউটার সংক্রান্ত  বিভিন্ন সংবাদ, গাইড এবং টিপস থাকে৷ লিংক - http://www.prothom-alo.com/mcat.news.php?mid=MTE=

(02) ওয়েবপেজের সোর্স দেখার উপায় - যে ওয়েবপেজটির সোর্স দেখতে চান সেটা যদি সেভ করা থাকে তাহলে তাকে নোটপ্যাডের মাধ্যমে ওপেন করুন৷ এরজন্য ফাইলটির উপর রাইটক্লিক করে Open With > Notepad সিলেক্ট করুন৷ আর যদি ফাইলটি চালু থাকা অবস্থায় সোর্স দেখতে চান তাহলে View > Source এ ক্লিক করুন৷


এ বিষয়ের উপর আরো কিছু প্রবন্ধ পড়ুন এখান থেকে -


অফলাইন ব্রাউজিং টিপস - সাশ্রয় করুন অর্থ, সময় ও মেমরী - দ্বিতীয় পর্ব
সব ওয়েবপেজ দেখুন একই স্টাইলে


শীঘ্রই এই প্রবন্ধটি বিস্তারিত বিবরণ এবং স্ক্রীণশট সহ ডাউনলোড উপযোগী পিডিএফ ফরম্যাটে পাওয়া যাবে


   

মন্তব্যসমূহ (00)

এই প্রবন্ধটি সম্পর্কে আপনার যেকোন মতামত অথবা প্রশ্ন থাকলে নির্দ্বিধায় তা ইমেইল করে জানান৷ যথাশীঘ্র সম্ভব আপনার ইমেইলের উত্তর দেওয়া হবে এবং তা এখানে সংযোজন করা হবে৷