বিষয় - ওয়েব ব্রাউজিং টিপস (ইমেইল, ইয়াহু, সিগনেচার)
প্রকাশের তারিখ - 21 ফেব্রুয়ারি 2008
সাধারণত আমরা প্রতিটা ইমেইলের নিচে, বিশেষ করে অপরিচিত ব্যক্তিদের কাছে পাঠানো ইমেইলের নিচে নিজের নামের সাথে আরো কিছু তথ্য যুক্ত করে দেই৷ সেটা হতে পরে নিজের ওয়েবসাইটের ঠিকানা, মোবাইল নম্বর, বাসস্থানের ঠিকানা, প্রতিষ্ঠানের নাম বা এরকম অন্য কিছু৷ কিন্তু প্রতিটা ইমেইল লেখার পর গতানুগতিকভাবে এই তথ্যগুলো লেখাটা বেশ বিরক্তিকর৷ তাই জনপ্রিয় প্রায় প্রতিটি মেইল সার্ভিসেই স্বয়ংক্রিয়ভাবে এই তথ্যগুলো যুক্ত করার ব্যবস্থা রাখা হয়েছে৷ এটাকে ইমেইল সিগনেচার বলা হয়৷
আপনি যদি ইয়াহু মেইলে আপনার সিগনেচার যুক্ত করতে চান, তাহলে প্রথমে সাইন ইন করে উপরের ডান কোণে অবস্থিত Options এ ক্লিক করুন৷ এটি Search Mail এবং Search the Web বাটনদুটোর ঠিক উপরেই অবস্থিত৷ এখানে Signature নামে একটা অপশন দেখতে পাবেন৷ এর উপর ক্লিক করলে একটা টেক্সট বক্স আসবে৷ এই টেক্সট বক্সে আপনার নাম, পরিচয় ইত্যাদি যা কিছু আপনি প্রতিবার স্বয়ংক্রিয়ভাবে পাঠাতে চান, সেগুলো লিখে উপরে অথবা নিচে বাম পাশে যে সেভ বাটনটি আছে, সেটাতে ক্লিক করে বের হয়ে আসুন৷ ব্যাস - এরপর থেকে আপনি যার কাছেই ইমেইল করবেন, প্রতিবারই আপনার মূল বক্তব্যের নিচে আপনার দেওয়া সিগনেচারটি যুক্ত হয়ে যাবে৷ আপনাকে কষ্ট করে প্রতিবার আর সেগুলো টাইপ করতে হবে না৷
জিমেইল সহ অন্যান্য জনপ্রিয় ইমেইল সার্ভিসগুলোতেও সিগনেচার যুক্ত করার পদ্ধতি মোটামুটি এ রকমই৷ শুধু আপনাকে সেখানের অপশন বাটন এবং তার অভ্যন্তরে সিগনেচার অপশন বাটনদুটো খুঁজে বের করতে হবে৷ আশা করছি এই কাজটুকু আপনারা নিজেরাই পারবেন৷
এই প্রবন্ধটি সম্পর্কে আপনার যেকোন মতামত অথবা প্রশ্ন থাকলে নির্দ্বিধায় তা ইমেইল করে জানান৷ যথাশীঘ্র সম্ভব আপনার ইমেইলের উত্তর দেওয়া হবে এবং তা এখানে সংযোজন করা হবে৷